Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইলে গেম খেলতে দেয়নি দাদা, অভিমানে আত্মঘাতী নাবালক

মোবাইলে গেম খেলতে দেয়নি দাদা, অভিমানে আত্মঘাতী নাবালক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: গেম খেলবে বলে মোবাইল ফোন চেয়েছিল ভাই। মোবাইল দেবেন না বলে বারণ করে দেয় দাদা। সেই বকাই কি কাল হল! অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল বারো বছরের এক নাবালক। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের সমসপুরে। পুলিস জানিয়েছে, মৃতের বয়স ১২ বছর। সোমবার সন্ধ্যার পর নিজের ঘর থেকে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখা যায় ওই নাবালকের । পরিবারের লোকরা দেহটি দ্রুত হেমতাবাদ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিন সন্ধ্যায় দাদার কাছ থেকে মোবাইল চেয়েছিল ওই নাবালক। ভাইকে মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে মোবাইল দেবেন না বলে বারণ করে দেয় দাদা। সেই কথা শুনে মনভার হয় ভাইয়ের। সে নিজের ঘরে চলে যায়। প্রথমে বিষয়টিকে অত গুরুত্ব দেননি পরিবারের লোকজন। রাতেই উদ্ধার হয় সেই নাবালকের দেহ। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে। মৃত নাবালকের মা বলেন, ছেলে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকত। ওর দাদা মোবাইল না দেওয়ায় সন্ধ্যায় ঝগড়া হয়। সেই সময় আমরা বাড়িতে ছিলাম না। রাতে বাড়ি ফিরে দেখি এই ঘটনা। 
Advertisement
স্থানীয় বাসিন্দা জয়নাল আলী বলেন, আমি মৃতের দাদার সঙ্গে কথা বলে জেনেছি, মোবাইলের গেম নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলত। সোমবার সন্ধ্যায় তার দাদা তাকে মোবাইল দেয়নি। মোবাইল চাইতে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত এসেছিল সে।  কিন্তু দাদা বকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপরই বাড়ি ফিরে আত্মঘাতী হয় সে। হেমতাবাদ থানার আই সি সুজিত লামা বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ