শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: গ্যাসে ভর্তুকি পাইয়ে দেবার নামে প্রতারণা হাওড়া শহরের একাধিক জায়গায়। সাইবার জালিয়াতদের পাল্লায় পড়ে টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। ভর্তুকি অ্যাক্টিভেশনের টোপ দিয়ে জেনে নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে টাকা। জেলা জুড়ে একের পর অভিযোগ ঘিরে রীতিমতো নাজেহাল হাওড়া সিটি পুলিশ। জালিয়াত চক্রের শিকড় ভাঙতে সুয়োমোটো কেস রুজু করে তদন্ত করছে পুলিশের সাইবার থানা।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, সাধারণ মানুষের কাছে প্রতিদিনই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসছে। বিভিন্ন গ্যাস কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করছে তারা। গ্রাহকদের বলা হচ্ছে অ্যাক্টভেশন না থাকায় তাঁদের ভর্তুকি মিলছে না। আবার কখন জানাচ্ছে ভর্তুকি সংক্রান্ত যে পোর্টাল রয়েছে সেটি আপডেট করা হচ্ছে। তাদের তথ্য আপডেট নেই। যে কারণে ভর্তুকি মিলবে না আগামী দিনে। অনেকেই ভয় পেয়ে জানতে চাইছেন এরজন্য কী করতে হবে? এই সুযোগে সাইবার জালিয়াতরা জানতে চাইছে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য। ভর্তুকি বন্ধ হবার ভয়ে অনেকে তা শেয়ারও করে দিচ্ছেন। জালিয়াতরা জানাচ্ছে গ্রাহকের কাছে ওটিপি এলে সেটি যেন তাদের জানানো হয়। তারপরই ভর্তুকি চালু হয়ে যাবে। ওই ওটিপি শেয়ার করা মাত্র কয়েক সেকেন্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে সাইবার জালিয়াতরা। অনেক সময় গ্রাহকদের বলা হচ্ছে ভর্তুকি চালু রাখার জন্য তারা একটি লিঙ্ক পাঠাচ্ছে। তাতে ক্লির করার পর নির্দিষ্ট কিছু তথ্য ভরলেই চালু হয়ে যাবে ভর্তুকি। এই লিঙ্কে ক্লিক করা মাত্র গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দখল নিচ্ছে জালিয়াতরা। হাতিয়ে নিচ্ছে টাকা। এনসিআরপি পোর্টালে হাওড়ার একাধিক বাসিন্দা এই নিয়ে অভিযোগ করেন। সেগুলি বিশ্লেষণ করতে গিয়ে হাওড়া সিটি পুলিশের সাইবার থারার অফিসারদের নজরে আসে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট গিয়েছে। সবমিলয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়েছে প্রতারকরা। জেলার একাধিক বাসিন্দা প্রতারিত হওয়ায় সুয়োমোটো কেস রুজু হয়।
তদন্তে নেমে অফিসাররা জেনেছেন , বিভিন্ন অ্যাকাউন্টে প্রতারণার টাকা গিয়েছে। একাধিক অ্যাকাউন্ট ঘুরে সেই টাকা আবার উঠেছে। বিভিন্ন ব্যক্তির নামে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার অ্যাকাউন্ট আছে। এমনকী ভিন রাজ্যের অ্যাকাউন্টেও প্রতারণার টাকা ঢুকেছে। তা দেখে তদন্তকারীদের সন্দেহ আন্তরাজ্য সাইবার জালিয়াত গ্যাং এতে জড়িত রয়েছে। অ্যাকাউন্টের সূত্রে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।।