দমদম প্রত্যয় ওয়েলফেয়ার সোসাইটির প্রয়াসে ও শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর উদ্যোগে সম্প্রতি দমদম রবীন্দ্র ভবনে আয়োজিত হল দু’দিন ব্যাপী ‘দমদম মার্গ সঙ্গীত উৎসব’। পাঁচ বছরে পা দিল এই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। ব্রাত্য বলেন, ‘কলকাতায় মার্গ সঙ্গীতের অনুষ্ঠান ক্রমশ কমে যাচ্ছে। যা এক সময় বাঙালির জীবন যাপনের অঙ্গ ছিল। বিশ্বায়নের পর বা ভার্চুয়াল বিস্ফোরণের পর উচ্চাঙ্গ সঙ্গীত হয়তো সমাজ মাধ্যমের অঙ্গ হয়ে গিয়েছে। তারপরেও শিল্পীর সঙ্গে শ্রোতা-দর্শকদের সরাসরি সংযোগটা খুব দরকার।’ প্রথম দিন সঙ্গীত পরিবেশন করেন উল্লাস কসলকর, সেতার শোনান পূর্বায়ণ চট্টোপাধ্যায়, বাঁশি বাজান রাকেশ চৌরাসিয়া। দ্বিতীয় দিনে ওড়িশি নৃত্য পরিবেশন করেন সুজাতা মহাপাত্র, কণ্ঠ সঙ্গীতে ছিলেন সংযুক্তা দাস। এছাড়াও ছিলেন পণ্ডিত দেবাশীষ ভট্টাচার্য, পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তন্ময় বোস, শিবমণি প্রমুখ।



