Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির মিছিলে পা মিলিয়ে এসে তৃণমূলে যোগ দিলেন মণ্ডল সভানেত্রী

বিজেপির মিছিলে পা মিলিয়ে এসে তৃণমূলে যোগ দিলেন মণ্ডল সভানেত্রী
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার কোচবিহার শহরে বিজেপির মিছিল থেকে ফিরে সরাসরি জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আসেন তুফানগঞ্জ-১ ব্লকের পদ্মপার্টির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী জবা দেবনাথ। তিনি তৃণমূলে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, কোচবিহার পুরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ সহ অন্যরা। 

Advertisement

যোগাদান কর্মসূচি চলার সময়ই সদ্য দলে যোগ দেওয়া জবা দেবনাথ বলে বসেন তৃণমূল তাঁর বাড়ি ভাঙচুর করেছিল। তাই এবার তিনি তৃণমূলে যোগ দিয়ে দেখছেন, কী পাওয়া যায়। দলের জেলা সভাপতির পাশে বসে তাঁর এই বেফাঁস মন্তব্যে উপস্থিত সকলেই অস্বস্তিতে পড়ে যান। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেন জেলা সভাপতি অভিজিৎবাবু। বাড়ি ভাঙচুরের ঘটনা অনেক পুরনো এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ওই কাজ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছিল বলে তিনি দাবি করেন। 
এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ওই নেত্রীর ভিডিও বক্তব্য ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগেনি। বিজেপি নেতারা ওই ভিডিও নিজেদের ফেসবুক প্রোফাইলে আপলোড করে কটাক্ষ করতে শুরু করেন। ফলে তৃণমূল কার্যত অস্বস্তিতে পড়ে। তবে দলবদলু ওই নেত্রী বিজেপির সাংগঠনিক দুর্বলতা, লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির ছন্নছাড়া অবস্থার কথাও তুলে ধরেন। 
জবা দেবনাথ বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময়ই মনস্থির করে বের হয়েছিলাম মিছিল শেষ করে এখানে আসব। বিজেপি করি সেজন্য তৃণমূল আমার বাড়িঘর ভাঙচুর সহ অনেক কিছুই করেছে। তাই এখন তৃণমূলই করব। দেখি এখন কী পাই। 
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, তৃণমূলের নাম করে বিজপিরই একাংশ অত্যাচার, বাড়িঘর ভাঙার মতো কাজ সংগঠিত করেছে। বিষয়টি জবাদেবী উপলব্ধি করেছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওঁকে আমাদের সংগঠনে কাজে লাগাব। অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, উনি অনেকদিন ধরে বিজেপির কার্যকর্তা। বারবার তৃণমূলের পক্ষ থেকে তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য উনি দলবদল করলেন। তবে তাঁর সৎসাহস আছে, তাই তিনি জেলা তৃণমূল সভাপতির পাশে বসে এই সত্য কথাগুলি বলেছেন। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ