লন্ডন: দশজনেই বাজিমাত ম্যান সিটির! রবিবার মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে ওল্ড ট্রাফোর্ডে সিটিজেনরা ১-০ ব্যবধানে হারাল ইউনাইটেডকে। ৬০ মিনিটে জয়সূচক গোল আর্লিং হাল্যান্ডের। যদিও সেই গোলে রয়েছে বিতর্কের গন্ধ। তিনি নাকি অফসাইডে ছিলেন। যদিও ম্যান ইউ’র সেই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। নীল ম্যাঞ্চেস্টারের কৃতিত্ব আরও বেশি কারণ, ব্রুনো ফার্নান্ডেজকে লাথি মেরে ২৩ মিনিটেই লাল কার্ড দেখেন ফিল ফোডেন। তবে তা প্রভাব ফেলেনি এনজো মারেস্কার ছাত্রদের খেলায়। অন্যদিকে, ঘরের মাঠে ম্যান ইউ’ও শেষ পর্যন্ত গোলের জন্য মরিয়া ছিল। কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় মাইকেল ক্যারিকের ছেলেরা। চার ম্যাচে ম্যান সিটি’র পকেটে এখন ১২ পয়েন্ট। তারা রয়েছে তালিকার দু’নম্বরে। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টে ম্যান ইউ রয়েছে ত্রয়োদশ স্থানে।



