নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লি, মহারাষ্ট্র থেকে শুরু করে ওড়িশা, অসম—একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্তার শিকার হতে হচ্ছে। কখনও একাধিক ভারতীয় প্রমাণপত্র দেখানোর পরও সেঁটে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশি’ তকমা। কখনও আবার রাতের অন্ধকারে ‘পুশব্যাক’ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাঙালিদের নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য যাবতীয় বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে। দেশজুড়ে একের পর এক এই ধরনের ঘটনায় সবার প্রথম প্রতিবাদে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে সরাসরি পথে নামছেন। আজ, বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত দলীয় মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় মিছিল শুরু হবে। এদিনই রাজ্যের প্রতিটি জেলায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি হবে। আন্দোলন সংগঠিত হবে দেশের রাজধানীতেও। বাংলা ও বাঙালির স্বার্থে মমতার এই প্রতিবাদ প্রয়োজনীয় এবং তাৎপর্যবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



