নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল শুরু হতে বেশি দেরি নেই। তার আগে ইস্ট বেঙ্গলের উদ্বেগ বাড়ালেন নাওরেম মহেশ সিং। রবিবার অনুশীলনে হাঁটুতে চোট পেলেন মণিপুরী উইং-হাফ। যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি। চোট কতটা গুরুতর, তা নিয়ে ঘোর উদ্বেগে ম্যানেজমেন্ট। পাশাপাশি কেভিন সিবলেও পুরো ফিট নন। হালকা জগিং করলেন আর্জেন্তিনার ডিফেন্ডার। আইএসএলে ১৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের। তার আগে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটে চিন্তার ভাঁজ কোচ অস্কার ব্রুজোঁর কপালে।
অন্যদিকে, ফেডারেশনের অনূর্ধ্ব-১৬ জুনিয়র লিগের মোহন বাগান-ইস্ট বেঙ্গল ম্যাচ ২-২ গোলে ড্র হল। সবুজ-মেরুনের জোড়া গোল রাজদীপ পালের। লাল-হলুদ ব্রিগেডের হয়ে দু’টি গোলই করেন অর্ণাভ সিং। তবে ডেভেলপমেন্ট লিগের জোনাল রাউন্ডে রাজস্থান ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল মোহন বাগান। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক সুহেল ভাট। বড় জয় পেল ইস্ট বেঙ্গলও। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতল তারা। একটা সময় ম্যাচের স্কোর ছিল ২-২। শেষ পর্বে জ্বলে ওঠে মশাল বাহিনী। ইস্ট বেঙ্গলের হয়ে লক্ষ্যভেদে সফল দেবজিৎ রায়, র্যাপগে লেপচা, অনন্থু, রোমিন, শিলাজিৎ ও সুব্বা।
পিছালো বাংলার ম্যাচ: সন্তোষ ট্রফির শেষ আটে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস। খেলাটি সোমবার হওয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।