Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসের ছাদে মাধ্যমিক পরীক্ষার্থীরা! আরামবাগে নজরদারির দাবি

পরীক্ষা শেষে বাসের ছাদে চেপে বাড়ি ফিরছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার উদ্বেগের এমনই ছবি ধরা পড়েছে  আরামবাগে।

বাসের ছাদে মাধ্যমিক পরীক্ষার্থীরা! আরামবাগে নজরদারির দাবি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পরীক্ষা শেষে বাসের ছাদে চেপে বাড়ি ফিরছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার উদ্বেগের এমনই ছবি ধরা পড়েছে  আরামবাগে। এই ঘটনার জেরে অনেকেই চিন্তিত। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই এই ধরণের ঘটনা এড়াতে কড়া নজরদারির দাবিও জানাচ্ছেন অভিভাবকরা। এদিন মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। আরামবাগের কালীপুর স্বামীজী হাই স্কুল পরীক্ষাকেন্দ্র। পরীক্ষা শেষে সেখান থেকেই এক ঝাঁক পরীক্ষার্থী একটি বাসে ওঠে। বাসটি বালিদেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। স্কুলের সামনেই দেখা যায় বাসের ছাদে গুটিকয়েক পরীক্ষার্থী উঠে গিয়েছে। এই ব্যাপারে আরামবাগ বাস মিনিবাস ওপারেটর্স ওয়েলফেয়ার সমিতির সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, পরীক্ষার্থীদের বাসের ছাদে উঠে যাতায়াতের ঘটনা দুর্ভাগ্যজনক। কাম্য নয়। পুলিশ যাতে বিষয়টিতে নজর দেয় তার দাবি জানাচ্ছি। পাশাপাশি বাসকর্মীদেরও বলা হবে যাতে পরীক্ষার্থীদের কোনোভাবেই ছাদে না ওঠানো হয়। তাঁদের বুঝিয়ে বাসের ভিতরে নিয়ে যাওয়া উচিত ছিল।

Advertisement

 
এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের আহ্বায়ক দেবাশিস বসু বলেন, এদিন আরামবাগ মহকুমায় পরীক্ষা সুষ্ঠুভাবেই মিটেছে। দু’জন পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। বাসের ছাদে উঠে পরীক্ষার্থীরা যাতে যাতায়াত না করে তার জন্য পুলিশের কাছে আর্জি জানাব। জানা গিয়েছে, এদিন পুরশুড়ায় মাধ্যমিক দিতে যাওয়ার সময় পথদুর্ঘটনায় জখম হয় দুই পরীক্ষার্থী। খবর পেয়ে পুরশুড়া থানার টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা তাদের উদ্ধার করে শ্রীরামপুরে পুরশুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষার্থীদের ফের কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ। জানা গিয়েছে, ওই দুই পরীক্ষার্থী শ্যামপুর হাই স্কুলের ছাত্র। তাদের মাধ্যমিকের সিট পড়েছে শ্রীরামপুর হাই স্কুলে। এদিন বাড়ি থেকে বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে পড়ে গিয়ে জখম হয় ওই দু’জন। অন্যদিকে, আরামবাগের পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলের এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এদিন। দ্রুত তাঁকে পরীক্ষা কেন্দ্র থেকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা হয়। আরামবাগ হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় বলেন, ওই ছাত্র আমাদের স্কুলের। পড়াশোনায় মেধাবী। এদিন পরীক্ষার মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিল। সে জানায় তার বুকে ব্যথা হচ্ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই পরীক্ষার্থী ভালোভাবেই পরীক্ষা দিয়েছে।  অন্যদিকে, এদিন গোঘাটের কাঁটালি হাই স্কুলের এক ছাত্রীও অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন। ওই পরীক্ষার্থী গোঘাটের শুনিয়া হাই স্কুলের ছাত্রী।  বাসের ছাদে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আরামবাগের কালিপুর এলাকায় তোলা নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ