নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা। মৃত্যু হল দুই যুবকের। আজ, রবিবার সাত সকালেই দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক চালক। তাঁর বাইকে বসে ছিলেন এক আরোহী। পুলিস সূত্রে খবর, পরমা আইল্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে মা ফ্লাইওভার থেকে সোজা নীচে পড়ে যান বাইক চালক ও আরোহী। অতি সঙ্কটজনক অবস্থায় দু’জনকেই চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। পরে ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কবলে পড়া বাইকটি ফ্লাইওভারের উপরেই ছিল। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিস। বাইকটি উদ্ধার করেছেন তাঁরা। মৃতরা বউবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের নাম- অনীশ রানা এবং মহম্মদ দিলশাদ আলম। কীভাবে ঘটল দুর্ঘটনাটি তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস।



