Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ল্যাপারোস্কপি অপারেশনের খুঁটিনাটি বিষয়ে কর্মশালা পড়ুয়া চিকিৎসকদের

ল্যাপারোস্কপি অপারেশনের খুঁটিনাটি বিষয়ে কর্মশালা পড়ুয়া চিকিৎসকদের
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ল্যাপারোস্কপি পদ্ধতিতে অস্ত্রোপচারের খুঁটিনাটি বিষয় শেখাতে হাওড়া জেলা হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার হাসপাতালের অপারেশন থিয়েটারে পড়ুয়া চিকিৎসকরা হাতে-কলমে ল্যাপারোস্কপি পদ্ধতির পাঠ নেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরপর ন’টি সফল অস্ত্রোপচার করা হয়। জেলা হাসপাতালের পাশাপাশি আগামী দিনে গ্রামীণ এলাকার সব হাসপাতালে এই পদ্ধতিতে অপারশেন চালু করতে পড়ুয়া চিকিৎসকদের এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। 
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গল ব্লাডার স্টোন, অ্যাপেন্ডিক্স, হার্নিয়ার মতো বিভিন্ন সমস্যা নিয়ে জেলার নানা প্রান্ত থেকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ন’জন রোগী। রবিবার তাঁদের শারীরিক পরীক্ষার পর ল্যাপারোস্কপি পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। কীভাবে ল্যাপারোস্কপি পদ্ধতিতে সূক্ষ্মতার সঙ্গে নির্ভুলভাবে অপারেশন সম্ভব, পড়ুয়া চিকিৎসকদের তা হাতে-কলমে শেখান হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়, সার্জারি বিভাগের প্রধান ডাঃ দেবাশিস মুখোপাধ্যায়। এছাড়াও অ্যানাস্থেশিয়া টিম ও সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন অপারেশন থিয়েটারে। হাওড়া হাসপাতালের সুপার বলেন, ‘এখন ল্যাপারোস্কপিতে যে কোনও ধরনের জটিল অপারেশন খুব সহজে করা যায়। পড়ুয়া চিকিৎসকদের এই পদ্ধতি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই কর্মশালার মাধ্যমে তাঁদের কাছে তুলে ধরা হল।’
প্রসঙ্গত, চার বছর আগে হাওড়া জেলা হাসপাতালে ল্যাপারোস্কপি পদ্ধতিতে অপারেশন চালু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ল্যাপরোস্কপিতে রোগীর শারীরিক কষ্ট যেমন কম, পাশাপাশি অপারেশনের পর তাঁদের হাসপাতালেও থাকতে হয় কম সময়। এই পদ্ধতিতে অস্ত্রোপচারের ফলে রোগীদের মধ্যে সংক্রমণজনিত সমস্যার ভয় থাকে না। চিকিৎসকরা বলছেন, এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান কিংবা আল্ট্রাসাউন্ডের মতো ইমেজিং পরীক্ষায় সমস্যা শনাক্ত করতে ব্যর্থ হলে ল্যাপারোস্কপি সেখানে নির্ভুল তথ্য দেয়। পেটে বড় কাটাছেঁড়া না করে বায়োপসির নমুনা নিতে এবং পেট সম্পর্কিত সমস্যার চিকিৎসা করতে সময় লাগে কম। ফলে অতিরিক্ত রক্তপাত ছাড়াই সার্জেন সফল অপারেশন করতে পারেন। তাই ল্যাপারোস্কপিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি’ও বলে থাকেন চিকিৎসকরা। জেলা স্বাস্থ্যদপ্তরের দাবি, আগামী দিনে জেলা হাসপাতালের পাশাপাশি গ্রামীণ এলাকার সব হাসপাতালে ল্যাপারোস্কপি অপারেশন চালু করা হবে। সে কারণেই পড়ুয়া চিকিৎসকদের এই পদ্ধতি আয়ত্ত প্রয়োজন। সমস্ত স্টেট জেনারেল কিংবা সাব ডিভিশনাল হাসপাতালে ল্যাপারোস্কপি অপারেশন চালু হয়ে গেলে গ্রামীণ এলাকায় অ্যাক্টোপিক প্রেগনেন্সি নিয়ে ভর্তি হওয়া প্রসূতিদের অপারেশনের ক্ষেত্রেও আর কোনও ঝুঁকি থাকবে না। 
সম্পর্কিত সংবাদ