Bartaman Logo
২৭ মে, ২০২৬

ল্যানসেটের রিপোর্টে প্রশংসা মোদির আয়ুষ্মান ভারতের, শেয়ার পিএমওর

ল্যানসেটের রিপোর্টে প্রশংসা মোদির আয়ুষ্মান ভারতের, শেয়ার পিএমওর
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: সমালোচনায় রক্তচক্ষু! আর প্রশংসায় ভোলবদল! আন্তর্জাতিক স্তরের একাধিক রিপোর্ট ঘিরে এমনটাই মোদি সরকারের অবস্থান। সে বিশ্ব ক্ষুধা সূচকই হোক কিংবা ধর্মীয় বা সংবাদমাধ্যমের স্বাধীনতা। বিরুদ্ধ রিপোর্ট এলেই তা ফুৎকারে উড়িয়ে দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, কোনও কোনও ক্ষেত্রে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগও করা হয়েছে। অন্যদিকে, কোনও মনপসন্দ রিপোর্ট হলে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে ছাড়ে না সরকারি মহল। এই প্রবণতা দেখা গেল আন্তর্জাতিক পত্রিকা ল্যানসেটের একটি রিপোর্ট ঘিরে। রিপোর্টে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে মোদি সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের তারিফ করা হয়েছে। এই খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। অথচ একাধিকবার এই ল্যানসেটের রিপোর্টেরই তীব্র সমালোচনার মুখর হয়েছিল বিজেপি সরকার। 
Advertisement
দ্য ল্যানসেট রিজিওনাল হেল্থ সাউথ-ইস্ট এশিয়াতে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত ছ’বছরে ভারতে ক্যান্সার আক্রান্তদের সঠিক সময়ের চিকিৎসার সম্ভাবনা ৩৬ শতাংশ বেড়েছে। এজন্য আয়ুষ্মান ভারত-পিএম জন আরোগ্য যোজনার অবদানের উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ছ’ বছর আগে ২০১৮ সালে এই প্রকল্প চালু করেছিল মোদি সরকার। সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্টই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পিএমও। 
করোনা পর্বের সময় চিকিৎসা সংক্রান্ত এই পত্রিকার সম্পাদকীয়তে মহামারী মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সরবরাহ, টিকার ঘাটতি, হাসপাতালে শয্যার অভাবের মতো সমস্যা দেখা গিয়েছিল। ওই সমস্যাকে মোদি সরকারের নিজের তৈরি সঙ্কট বলে সমালোচনা করেছিল ল্যানসেট। অন্য একটি রিপোর্টে ভারতে করোনায় মৃতের সংখ্যা কম করে দেখানোর মতো অভিযোগও করা হয়েছিল। মোদি সরকার ওই রিপোর্টকে ‘মনগড়া ও ভুল তথ্য সমন্বিত’ বলে খারিজ করে দিয়েছিল। এবার সাফল্যের খতিয়ান হিসেবে সেই ল্যানসেটেরই রিপোর্ট শেয়ার করল কেন্দ্র। 
সম্পর্কিত সংবাদ