Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘তাবিজ নিলে দুর্ঘটনা হবে না’, বুজরুকি বুঝে থানায় অভিযোগ

তাবিজ না নিলে ছেলে দুর্ঘটনার কবলে পড়বে। গাড়ির সঙ্গে ধাক্কা লাগবে। স্বামীর শারীরিক অবস্থার আরও অবনতি হবে। এমনই ভয় দেখিয়ে তাবিজ ধরিয়ে টাকা নিয়ে চম্পট এক ব্যক্তি। ঘটনাটি ময়নাগুড়ি শহরের হাসপাতাল পাড়ার।

‘তাবিজ নিলে দুর্ঘটনা হবে না’, বুজরুকি বুঝে থানায় অভিযোগ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: তাবিজ না নিলে ছেলে দুর্ঘটনার কবলে পড়বে। গাড়ির সঙ্গে ধাক্কা লাগবে। স্বামীর শারীরিক অবস্থার আরও অবনতি হবে। এমনই ভয় দেখিয়ে তাবিজ ধরিয়ে টাকা নিয়ে চম্পট এক ব্যক্তি। ঘটনাটি ময়নাগুড়ি শহরের হাসপাতাল পাড়ার। পুরো বিষয়টাই যে ভাঁওতা, তা বুঝতে দেরি হয়নি পরিবারটির। সটান থানায় হাজির হয়ে প্রতরণার অভিযোগ দায়ের করল তারা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
হাসপাতাল পাড়ার রবীন্দ্রনাথ মল্লিকের বাবা ১০ বছর আগে দুর্ঘটনার কবলে পড়েন। মাথায় চোট লাগার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। রবীন্দ্রনাথ কলেজ পাশ করার পর মা টিঙ্কু মল্লিক সরকারের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে কাপড় বিক্রি করেন। তারাই সংসার চালান। স্বামী ভালো হবে, ছেলে দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, চাকরি পাবে, প্রতারকের এমন কথা শুনে ১৫০০ টাকা দিয়ে তাবিজ নিয়েছিলেন টিঙ্কুদেবী। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় দু’দিন পর ওই ব্যক্তির বুজরুকি বুঝে ফেলেন তারা। 
অভিযোগ উঠেছে, এই প্রতারক শুধু তাদের বাড়ি নয়, আরও অনেক বাড়ি থেকে তাবিজ গছিয়ে টাকা নিয়ে গিয়েছে। প্রতারক জানিয়েছিল, সে নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে। তাবিজ নিলে ভবিষ্যৎ ভালো হবে। 
টিঙ্কুদেবীর ছেলে রবীন্দ্রনাথ মল্লিক বলেন, দীর্ঘ কয়েকবছর ধরে বাবা অসুস্থ। কিছুদিন পর আমার নাকি দুর্ঘটনা হবে। ওই প্রতারক এমন কথা বলে তাবিজ ধরিয়ে দিয়েছিল। প্রতারক মাকে বলেছিল, তাবিজ কিনলে দু’দিনের মধ্যে বাবা সুস্থ হয়ে যাবে। ১২ তারিখ মাকে নানা টোপ দিয়ে তাবিজ দিয়ে যায়। বাবা অসুস্থ থাকায় অনেক কষ্ট করে আমাদের সংসার চলে। আমাদের কাছে ১৫০০ টাকা অনেক। বাবা এবং আমার মুখের দিকে তাকিয়ে মা ওই ভন্ডের কথা বিশ্বাস করেছিল। যেহেতু দু’দিনে তাবিজের কোনও কাজ কাজ হয়নি তাই  আমি অভিযুক্তকে ফোন করেছিলাম। আমার নম্বর ব্লক করে দিয়েছে। অন্য নম্বর থেকে ফোন করলে হুমকি দিচ্ছে। আমাদের সঙ্গে যা ঘটেছে তা যেন কারও সঙ্গে না ঘটে, সেই জন্যই অভিযুক্তর শাস্তির দাবি তুলে থানার দ্বারস্থ  হয়েছি। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ