Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

‘স্পর্শকাতর’ অঞ্চল চিহ্নিত করার মাপকাঠিতে বদল আনল পুরসভা

‘স্পর্শকাতর’ অঞ্চল চিহ্নিত করার মাপকাঠিতে বদল আনল পুরসভা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছিল। ১০০ জন বা তারও বেশি নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এমন ওয়ার্ডগুলি ধরে ‘স্পর্শকাতর’ এলাকার তালিকা তৈরি হয়েছিল। ওই তথ্যের ভিত্তিতেই ২০২৪ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি করেছিল কলকাতা পুরসভা। ৬৩টি ওয়ার্ড ‘স্পর্শকাতর’ ছিল। কিন্তু ২০২৪ সালে শহরে ডেঙ্গু আক্রান্তের হার সেই তুলনায় ৯০ শতাংশ কম হয়েছে। সেই নিরিখে ‘স্পর্শকাতর’ এলাকা চিহ্নিত করার মাপকাঠিতে বদল আনা হয়েছে। এবার ১০জন বা তার কিছু বেশি নাগরিক যেখানে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তেমন ৬৮টি ওয়ার্ডের তালিকা তৈরি হয়েছে। এই তালিকা মাথায় রেখে এমাসেই চলতি বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণের রূপরেখা চূড়ান্ত করবে পুরসভা। লক্ষ্য একটাই—গত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা। 
Advertisement
পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৩,৯২৬। ২০২৪ সালে সেটাই কমে হয় মাত্র ১৩১৬। তবে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত কম হলেও নয়া মাপকাঠির নিরিখে ‘স্পর্শকাতর’ ওয়ার্ডের সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের আক্রান্তের হিসেবের ভিত্তিতে ২০২৫ সালে ‘স্পর্শকাতর’ ওয়ার্ড ৬৮টি। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস বলেন, ‘গত বছর স্বস্তি দিয়েছে ডেঙ্গু। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। চলতি বছর আমরা আরও সজাগ থাকতে চাই। টানা অভিযান, প্রচার, নোটিস ধরানোর ফলে নাগরিক মনেও ভীতির সঞ্চার হয়েছে। বেড়েছে সচেতনতাও। সব মিলিয়েই এই সাফল্য। এ বছরও যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে, সেটাই আমাদের চ্যালেঞ্জ। তার জন্য বছরের শুরু থেকেই আঁটঘাট বাঁধছে পুরসভা।
সম্পর্কিত সংবাদ