Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘রাজনীতি অতৃপ্ত আত্মার সমুদ্র...’, গাদকারির মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে

‘রাজনীতি অতৃপ্ত আত্মার সমুদ্র...’, গাদকারির মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নাগপুর: এমনিতে বিজেপির অন্দরে মোদি-বিরোধী হিসেবে তাঁকে মনে করা হয়। তাঁর একাধিক মন্তব্য অস্বস্তিতে ফেলে দিয়েছিল মোদি সরকারকে। এবার রাজনীতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গাদকারি। স্পষ্ট ভাষায় বললেন, ‘রাজনীতি অতৃপ্ত আত্মার সাগর। এখানে কেউ খুশি নয়।’ একইসঙ্গে জানালেন, মূল্যবোধের পাশাপাশি জীবনের ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি। রবিবার নাগপুরে নিজের বই ‘৫০ গোল্ডেন রুলস অব লাইফ’-এর উদ্বোধনে একথা বলেন প্রবীন বিজেপি নেতা। মহারাষ্ট্রে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, এই আবহে সঙ্ঘ ঘনিষ্ঠ নেতার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 
Advertisement
নাগপুরের অনুষ্ঠানে শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিশ্বের প্রত্যেকটি মানুষকে একাধিক বাধার সম্মুখীন হতে হয়। সেটা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বা কর্পোরেট। যেকোনও ক্ষেত্রেই হতে পারে। সেই বাধা অতিক্রম করতে হলে রপ্ত করতে হবে বেঁচে থাকার কৌশল। মন্ত্রীর কথায়, ‘জীবন হল সীমাবদ্ধতা, দ্বন্দ্ব, আপস ও দায়বদ্ধতার খেলা।’ এরপরেই রাজনীতি নিয়ে হতাশার কথা বলেন নীতিন। তাঁর বক্তব্য, ‘রাজনীতি অতৃপ্ত আত্মার সাগর। এখানে কেউ খুশি নয়। যিনি কর্পোরেটর হয়েছেন তিনি  বিধায়ক হতে না পারায় অখুশি। আবার একজন বিধায়ক মন্ত্রী হতে পারেনি বলে খুশি নন। যিনি মন্ত্রী, তিনি বড় পদ না পাওয়ায় অসন্তুষ্ট। আবার যিনি বড় মন্ত্রক পেয়েছেন,  তিনি মুখ্যমন্ত্রী হতে না পারার দুঃখে কাতর। হাইকমান্ড সরিয়ে দিতে পারে ভেবে মুখ্যমন্ত্রীও খুশি থাকতে পারেন না।’ 
প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে একই বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাহলে কি পরোক্ষে মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে মোদি ব্রিগেডকে বিঁধলেন গাদকারি? বাড়ছে জল্পনা।  
সম্পর্কিত সংবাদ