নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুম্ভমেলায় মৃত্যু মিছিলে প্রাণ হারিয়েছেন এই রাজ্যের বহু মানুষ। এবার সেই প্রিয়জন হারানো পরিবারের সদস্যদের অভিজ্ঞতা তুলে ধরল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ওই সংগঠন। তাদের অভিযোগ, বিভিন্ন রাজ্যের বহু পূণ্যার্থী মৃত্যুর শংসাপত্র পর্যন্ত পাননি। এমনকী উত্তরপ্রদেশ সরকার মৃত্যুর সংখ্যাও লুকিয়েছে।
Advertisement
শালবনী থেকে এসেছিলেন প্রয়াত উর্মিলা ভুঁইঞার ছেলে দুলাল ভুঁইঞা। দুলালবাবু বলেন, ‘মায়ের ডেথ সার্টিফিকেট কোথা থেকে পাব জানি না। কীভাবে পাব তাও জানি না।’ মৃতার আর এক আত্মীয় বলেন, ‘ওখানে আমরা ময়নাতদন্ত করতে বলেছিলাম। তা করেনি ওরা। ডেথ সার্টিফিকেটও দেয়নি। শুধু একটি অ্যাম্বুলেন্স দিয়ে দেয়।’ তারপর স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। তাঁদের দাবি একটাই, ‘ডেথ সার্টিফিকেট। মাকে আর ফিরিয়ে আনতে পারব না। আমাদের মাথা থেকে ছাদ সরে গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার যা ক্ষতিপূরণ ঘোষণা করেছে, সেটা দিয়ে যেন সাহায্য করে।’ ওই ঘটনার প্রত্যক্ষদর্শী অভিষেক রায় তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কলকাতার বাসিন্দা সুরজিত্ পোদ্দার তাঁর মাকে হারিয়েছেন। তিনি বলেন, ‘ওখানকার ব্যাবস্থাপনা যদি একটু ভালো হতো, তাহলে হয়তো মাকে ফিরিয়ে আনতে পারতাম। ওখানে ডাক্তার পাইনি। কোনও কাগজপত্র পাইনি। একটা কাগজ দিয়ে শুধু ছবি তুলে নিতে বলল। এখানকার প্রশাসন যদি সাহায্য না করত, তাহলে হয়তো ওই অবস্থাতেই ঘুরে বেড়াতে হতো।’ এছাড়াও পরিজন হারানো আরও অনেক পরিবারের সদস্য তাঁদের অভিজ্ঞতার কথা জানান। সংগঠনের তরফে এই গোটা ঘটনার বিচার চাওয়া হয়।



