সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর হাইস্কুলের মাঠের পাশেই ‘ক্রীড়াগুরু’ শিবপ্রসাদ ধাড়ার আবক্ষ মূর্তি উন্মোচন হল। মূর্তি উন্মোচন করেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও শিবপ্রসাদবাবুর সহধর্মিনী শিখা ধাড়া। ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তি ছিলেন শিবপ্রসাদ ধাড়া। চাকরি জীবনে তিনি তাঁর বেতনের সিংহভাগই অ্যাথলেটিকসের কোচিংয়ের পিছনে ব্যয় করেছেন। তারকেশ্বরের ছেলেমেয়েদের ক্রীড়াজগতে প্রতিষ্ঠিত করাই তাঁর একমাত্র স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে শিবপ্রসাদ ধাড়াকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে সম্মানিত করেছিলেন।
Advertisement
১৯৬৯-২০০৫ সাল পর্যন্ত তারকেশ্বর হাইস্কুলে শিক্ষকতা করেছেন তিনি। ১৯৭৪ সালে পাঞ্জাবের পাতিয়ালা থেকে কোচিংয়ের ডিগ্রি (এনআইএস) অর্জন করেন। গ্রামের ছেলেমেয়েদের কথা ভেবে সাইয়ে প্রশিক্ষণের সরকারি চাকরি ছেড়ে দেন। তারপর তারকেশ্বর হাইস্কুলের মাঠে প্রশিক্ষণ দিতে শুরু করেন স্থানীয়দের। শুধু তারকেশ্বর নয়, জেলার বহু প্রতিভাবান ছেলেমেয়েকে ক্রীড়া জগতে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
তাপসী বাউর, ষষ্ঠী দুলে, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, নবকুমার শীল, রফিকুল ইসলাম তাঁর প্রশিক্ষণেই পরবর্তীতে খ্যাতি অর্জন করেছেন। শিবপ্রসাদ ধাড়ার আবক্ষ মূর্তি তৈরির জন্য বাংলার ক্রীড়াপ্রেমী থেকে তাঁর ছাত্রছাত্রী, সকলেই অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিধায়ককে।