Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

‘জনতার চার্জশিট’ কর্মসূচিতে সাড়া মিলল না, হতাশ সিপিএম নেতারা

‘জনতার চার্জশিট’ কর্মসূচিতে সাড়া মিলল না, হতাশ সিপিএম নেতারা
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমেই পাতলা হচ্ছে আন্দোলনকারীদের ‘দ্রোহ’ সিরিজের মিটিং-মিছিল। শনিবার ধর্মতলার রানি রাসমণি রোডে অভয়া মঞ্চের ডাকে ‘জনতার চার্জশিট’-এ তেমন ভিড় চোখে পড়ল না। মিছিলের শেষে রইলেন সিপিএম ছাত্র-যুব, নেতা, সমর্থক এবং বিভিন্ন বাম গণসংগঠনের কর্মীরা। রাসমণি অ্যাভেনিউয়ের অর্ধেকটাও ভরল না। আর জি করের ঘটনার ৯০ দিনের মাথায় নিজেরাই চার্জশিট লিখেছেন আন্দোলনকারীরা। কিন্তু সেই চার্জশিটের বক্তব্য শুনতে লোকই হল না। গুটিকয়েক লোকজন এসে ফ্লেক্সে লেখা চার্জশিটে সই করে গেলেন। হাজির হয়েছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী, রবীন দেবও। ভিড় কেন কম, এমন প্রশ্ন শুনে শমীকবাবু বলেন, ‘আজকে একটা কাজের দিন। আরও মিছিল রয়েছে শহরে। সাধারণ মানুষ তো এসেছেন।’ এসএফআই, ডিওয়াইএফআইও শামিল ছিল। নিজেদের সোশ্যাল মিডিয়া থেকেও এই কর্মসূচির ডাক দিয়েছিল সিপিএম। কিন্তু সাড়া না মেলায় নেতাদের চোখে মুখে হতাশার ভাব ফুটে উঠল।  রানি রাসমণি অ্যাভেনিউয়ে দু’টি এলইডি স্ক্রিন বসানো হয়েছিল। একটি মঞ্চের উপর, অপরটি ছিল রাস্তার উপর। বক্তৃতার পাশাপাশি গান-নাটকও চলল। কিন্তু দিনের শেষে দর্শক ও শ্রোতা বলতে রাস্তায় বাসের জন্য অপেক্ষমান যাত্রীরা। বাসের জানলায় মুখ রেখে এক যাত্রী বিরক্তির সুরে বললেন, ‘রাস্তার একদিক তো খুলে দিলেই পারত, সেরকম লোকই হয়নি। শুধু শুধু আমাদের ভোগান্তি।’  
Advertisement
সম্পর্কিত সংবাদ