Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ঝাঁড়ফুক করেছিল’, শ্বশুরকে খুনের স্বীকারোক্তি জামাইয়ের

‘ঝাঁড়ফুক করেছিল’, শ্বশুরকে খুনের স্বীকারোক্তি জামাইয়ের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গাছগাছালি থেকে তৈরি ওষুধ খাইয়ে ও ঝাড়ফুঁক করে অসুস্থ করে রেখেছিল। সেজন্যই খুন করেছে শ্বশুরকে। হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধকে খুন করার ঘটনার কথা স্বীকার করল জামাই। এদিকে খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিস।
Advertisement
শুক্রবার গভীর রাতে বাড়ির বারান্দায় খুন হন জসিমউদ্দিন আহমেদ (৭৫)। গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন স্ত্রী সাহেনা বিবি (৪৫)। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস দু’দিন পর সোমবার বিকেলে চাঁচলের সিহিপুর থেকে জসিমউদ্দিনের প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক ওরফে নেপালকে গ্রেপ্তার করে পুলিস।
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নেপাল ইটভাটায় কাজ করত।  প্রায় পাঁচ বছর ধরে সে অসুস্থ। এলাকার কেউ তাকে জানায় শ্বশুর ও শাশুড়ি   ঝাড়ফুঁক ও জড়িবুটি খাইয়ে অসুস্থ করিয়ে রেখেছে। এনিয়ে স্ত্রীকে মাঝেমধ্যে হুমকি দিত সে।  বুধবার সকালে ইটভাটা মালিকের কাছ থেকে তিন হাজার টাকা নেয় নেপাল। সেদিনেই চাঁচলের হাট থেকে ১০০ টাকা দিয়ে ধারালো অস্ত্র কেনে। শুক্রবার রাতে ১৮ কিলোমিটার সাইকেল চালিয়ে শ্বশুরবাড়ির পিছনে ভুট্টা ও সর্ষে জমি দিয়ে গিয়ে খুন করে সেখান থেকে চলে যায়। ধারালো অস্ত্র ভুট্টার জমিতে ফেলে দিয়েছিল বলে দাবি অভিযুক্তের। 
জসিমুদ্দিননের জামাই বেলাল আলি বলেন, ডিসেম্বরের ১২ ও‌ ১৩ তারিখে কুশলপুর গ্রামে মেলা ছিল। নেপাল মেলা দেখতে শ্বশুরবাড়ি এসেছিল। আমিও ছিলাম শ্বশুরবাড়িতে। তখন সে পরিবারের লোকেদের কাছ থেকে জানার চেষ্টা করেছিল শ্বশুর-শাশুড়ি কোথায় ঘুমান। বাড়ির পিছনে রাস্তা আছে কি না সেটাও জানার চেষ্টা করে। এখন বুঝতে পারছি একমাস আগেই সে খুন করার টার্গেট নিয়েছিল।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তুলে পুলিস অভিযুক্তকে ১০ দিনের হেফাজত চাইলে বিচারক পাঁচ দিনের অনুমতি দিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা সম্পাদক সুনীল দাস বলেন, ঝাড়ফুঁক করে কিছুই হয় না। এটা মানুষের অন্ধ বিশ্বাস। জড়িবুটি বলতে আয়ুর্বেদিক বা গাছগাছড়া থেকে তৈরি ওষুধ বোঝায়। তদন্তের মোড় ঘোরাতে হয়তো এই ধরনের কথা বলছে অভিযুক্ত।
সম্পর্কিত সংবাদ