Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘ইন্ডিয়া’ জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করা হোক, দাবি আপের

‘ইন্ডিয়া’ জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করা হোক, দাবি আপের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর: দিল্লির বিধানসভা ভোটের আগে ফের প্রকাশ্যে ‘ইন্ডিয়া’-র ফাটল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুলল অরবিন্দ কেজরিওয়ালের আপ। আজ, বুধবার দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা এবং রাজ্যসভার সাংসদ তথা এআইসিসির কোষাধ্যক্ষ সঞ্জয় সিং একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে সঞ্জয় অভিযোগ করে বলেন, “দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিজেপিকে সাহায্য করছে কংগ্রেস।” তিনি আরও বলেন, “কেজরিওয়াল সম্পর্কে কংগ্রেস নেতা অজয় মাকেন আপত্তিকর এবং অপমানজনক মন্তব্য করেছেন। কংগ্রেসের শীর্ষনেতার যদি অজয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেন, তাহলে আমরা জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কথা বলব। পাশাপাশি কংগ্রেসকে বহিষ্কারের বার্তাও তাদের পাঠাব। কংগ্রেসের কার্যকলাপ ‘ইন্ডিয়া’ জোটের ক্ষতি করছে।”
Advertisement
গতকাল, বুধবার দিল্লিতে বারো দফার একটি শ্বেতপত্র প্রকাশ করে কংগ্রেস। সেখানে তারা অভিযোগ করেন, কেজরিওয়ালের আমলে রাজধানীতে দুর্নীতি এবং অনিয়ম বৃদ্ধি পেয়েছে। কেজরিওয়ালকে ‘ফর্জিওয়াল’ বলে সম্মোধনও করেন অজয়। যে লোকপাল আন্দোলনের বলে দিল্লিতে ক্ষমতায় এসেছিল কেজরিওয়াল, সেই জনলোকপাল আপ শাসিত রাজ্যগুলিতে কেন গঠন করা হয়নি, সেই প্রশ্নও উত্থাপন করেন অজয়।
‘ইন্ডিয়া’ জোটে এমনিতেই সমস্যার সম্মুখীন হয়েছে কংগ্রেস। সম্প্রতি জোটের নেতৃত্ব বদলের সাওয়াল করেছে অন্যান্য শরিকদলগুলি। এই আবহে কংগ্রেসকে নিয়ে আপের নয়া দাবিতে বিড়ম্বনা বাড়ল হাত শিবিরের, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
সম্পর্কিত সংবাদ