মুম্বই: বিশ বছর ধরে পর্যটকদের নিয়ে মুম্বইয়ের এলিফ্যান্টা আইল্যান্ডে আসছেন। আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বুধবারের ফেরি দুর্ঘটনার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন ইকবাল গোঠেকর। এত ভয়াবহ দুর্ঘটনা এর আগে কখনও তিনি দেখেননি বলে জানিয়েছেন ওই বোট চালক। এদিকে বৃহস্পতিবার মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নীলকমল বোটে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে যাওয়া হচ্ছিল। তার জেরেই ধাক্কা খেয়ে সেটি দ্রুত জলে ডুবতে শুরু করে বলে মনে করা হচ্ছে। এদিকে এখনও দু’জন পর্যটক নিখোঁজ। তাদের খোঁজে নৌবাহিনীর কপ্টার এবং বোট ও উপকূলরক্ষী বাহিনীর বোট লাগাতার তল্লাশি চালাচ্ছে। বুধবার পর্যটকদের নিয়ে তিনি এলিফ্যান্টা থেকেই ফিরছিলেন বোট চালক ইকবাল। হঠাৎ দেখেন, ডুবতে বসেছে ‘নীলকমল’ নামে একটি ফেরি। দূর থেকেই সাহায্যের আর্জি জানিয়ে বোটের যাত্রীদের হাত নাড়তে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে নিজের বোট দুর্ঘটনাগ্রস্ত ‘নীলকমলে’র দিকে নিয়ে যান তিনি। ১৬ জনকে উদ্ধার করে পৌঁছে দেন গেটওয়ে অব ইন্ডিয়ায়। ইকবালের মতোই ঘটনাস্থলে এসেছিলেন মুম্বই পোর্ট ট্রাস্টের বোট চালক আরিফ বামানেও। তিনিও বলেছেন, এধরনের দুর্ঘটনা তাঁর দীর্ঘ কর্মজীবনে এই প্রথম। তিনি আরও বলেন, আগে থেকেই একটি ট্যুরিস্ট বোট এবং মৎস্যজীবীদের ট্রলার ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছিল। বামানে ২০-২৫ জনকে উদ্ধার করেন। তারপর তাঁদের নৌসেনার বোটে স্থানান্তর করা হয়।



