নয়াদিল্লি: ২০০৯-১০। একযুগেরও বেশি আগে ৪০টি তেজস যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছিল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে (হ্যাল)। তার প্রথম ব্যাচ এখনও হাতে পায়নি বায়ুসেনা। বুধবার এই নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বায়ুসেনা প্রধান এ পি সিং। ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক কমব্যাট এয়ারক্রাফটের পরীক্ষামূলক উড়ান। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বেজিং। আর ভারত এখনও এক যুগ আগের বরাত দেওয়া সমরাস্ত্রই হাতে পায়নি। বুধবার এই পরিপ্রেক্ষিতে বায়ুসেনা প্রধান বলেন, ‘প্রতিপক্ষ দেশ চীন তাদের বায়ুসেনার আধুনিকীকরণে বিপুল বিনিয়োগ করছে। তাই ভারতেরও বিপুল উৎপাদন বাড়ানো প্রয়োজন।’ এদিন ২১তম সুব্রত মুখোপাধ্যায় সেমিনারে উপস্থিত ছিলেন এ পি সিং। কালক্ষেপে কীভাবে আধুনিকীকরণ থমকে যাচ্ছে, তা বোঝাতে বায়ুসেনা প্রধান বলেন, ‘১৯৮৪ সালে আমরা এই যুদ্ধবিমান নেওয়ার সিদ্ধান্ত নিই। ১৭ বছর পরে তা আকাশে ওড়ে। আরও ১৫ বছর পর তা বায়ুসেনায় যুক্ত হয়। এখনও আমরা তেজসের প্রথম ব্যাচের যুদ্ধবিমানই হাতে পেলাম না! এই তো অবস্থা।’ দৃশ্যত হতাশ বায়ুসেনা প্রধান বলেন, ‘প্রযুক্তি প্রয়োগে দেরি হলে তা গুরুত্বহীন হয়ে পড়ে।’



