Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘দেশের প্রধানমন্ত্রী হলেও কিন্তু মামা ছিলেন পুরোপুরি ফ্যামিলি ম্যান’

‘দেশের প্রধানমন্ত্রী হলেও কিন্তু মামা ছিলেন পুরোপুরি ফ্যামিলি ম্যান’
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন ভালো নেই গোবিন্দ কউরের। টালিগঞ্জের ১, জুবিলি পার্কের ফ্ল্যাটে আত্মীয়স্বজনের সঙ্গে তাঁর সময় কাটছে সদ্যপ্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিচারণে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন তিনি। শারীরিক অসুস্থতার কারণে শেষকৃত্যতে থাকতেও পারবেন না। তবে তাঁর বড় ছেলে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। ৮৫ বছরের বৃদ্ধা গোবিন্দের ছোট ছেলে গুরদীপ সিং বলছিলেন, ‘অর্থমন্ত্রী হোন বা প্রধানমন্ত্রী, মামা ছিলেন আগাগোড়া ফ্যামিলি ম্যান। কখনও শুনিনি যে ব্যস্ততার জন্য তিনি পরিবারকে সময় দিতে পারবেন না।’
Advertisement
কলকাতার এই বাড়িতে নিয়মিত ফোন আসত প্রাক্তন প্রধানমন্ত্রীর। গুরদীপ কয়েকমাস আগে দিল্লি গিয়েছিলেন। তিনি বলছিলেন, ‘মা তো যেতে পারেন না এখন। আমি ভিডিও কলে ধরিয়ে দিয়েছিলাম মামাকে। দেখলাম, দু’জনের চোখেই জল। দেশ ভাগ হওয়ার পর পেশোয়ার থেকে অমৃতসরে চলে আসেন ওঁরা। মামার পরেই আমার মা। খুব যোগাযোগ ছিল দু’জনের।’ প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিবারের গুরুত্ব তাঁর কাছে একটুও কমেনি। ভাগ্নে গুরদীপের কথায়, ‘উনি অল্প কথা বলতেন। তবে আমাদের সমস্ত পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেন। সেখানেও কম কথা বলতেন। নিজের মতো উপভোগ করতেন সবকিছু। ২০১৭ সালে টালিগঞ্জের এই বাড়িতে শেষবার এসেছিলেন তিনি। খেয়েছিলেন রুটি, ডাল, দই। আজকে দাঁড়িয়ে মনে হয়, পরিবার ও কাজের জগৎ, রাজনীতিকে কীভাবে সূক্ষ্মতার সঙ্গে আলাদা করে রাখতে হয়, তা তিনি দেখিয়ে গিয়েছেন। পরিবারে কখনওই রাজনীতির কথা আনতেন না। তখন শুধু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়েই কথা হতো। উনি চলে যাওয়ায় দেশের যেমন ক্ষতি হলো, তেমনই আমাদের পরিবার হারাল অনেক কিছু।’
সম্পর্কিত সংবাদ