Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

‘দুয়ারে সরকার’-এ এবার কৃষি যন্ত্রাংশ পেতে আবেদনও গ্রাহ্য

‘দুয়ারে সরকার’-এ এবার কৃষি যন্ত্রাংশ পেতে আবেদনও গ্রাহ্য
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: চাষিদের সুবিধার জন্য এবার দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি যন্ত্রাংশের জন্য আবেদনপত্র জমা করা যাবে। ক্ষুদ্র এবং ছোট যন্ত্রাংশের জন্য চাষিরা আবেদন করতে পারবেন। তাঁদের হাতে কোদাল, কাস্তে, স্প্রে মেশিন সহ বিভিন্ন ধরনের ছোট যন্ত্রাংশ তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পে এবারই প্রথম এই প্রকল্পের সুযোগ দেওয়া হচ্ছে। এর আগে ক্যাম্পগুলিতে কৃষক বন্ধু, কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যেত। বছরের একটি নির্দিষ্ট সময়ে কৃষি যন্ত্রাংশ পাওয়ার জন্য চাষিদের আবেদন করতে হতো। সেক্ষেত্রে বড় এবং মাঝারি যন্ত্রাংশ পাওয়া যেত। কিন্তু, কাস্তে, কোদালের মতো কৃষি যন্ত্রাংশ পাওয়া যেত না। পূর্ব বর্ধমানের ডিডিএ নকুল মাইতি বলেন, আবেদনপত্র জমা নেওয়ার জন্য ক্যাম্পগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো থাকবে।
Advertisement
বর্ধমানে একটি অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রাজ্য সরকার চাষিদের প্রকৃত বন্ধু। দুর্যোগের জন্য এবছর ধানজমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। চাষিরা বিমার টাকা পেয়ে গিয়েছেন। ছোট যন্ত্রাংশ দিয়েও চাষিদের সরকার সহযোগিতা করছে। এসব বাম জমানায় ভাবাই যেত না।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। ১ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প চলবে। ৩৭টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। মৎস্যজীবীরাও কেসিসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই কার্ড থেকে লোন নিয়ে বহু মৎস্যজীবী ঘুরে দাঁড়িয়েছেন। এছাড়া যুবকরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন। বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্যও ক্যাম্পে আবেদন করা যাবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের মতো বিভিন্ন ধরনের প্রকল্পের জন্যও আবেদন করা যাবে। এক আধিকারিক বলেন, এর আগে ৩৬টি প্রকল্পের জন্য আবেদন করা যেত। চাষিদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি যন্ত্রাংশের আবেদনও ক্যাম্প থেকে নেওয়া হচ্ছে। বহু চাষির অল্প পরিমাণ জমি রয়েছে। তাদের বড় যন্ত্রাংশ দরকার হয় না। কোদাল, কাস্তে, লাঙল দিয়েই তাঁরা কাজ সারেন। এসব কিছু ভর্তুকিতে দেওয়া হলে তাঁরা উপকৃত হবেন। 
জামালপুরের চাষি গৌরব দাস বলেন, বড় যন্ত্রাংশ নেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছোট চাষিদের থাকে না। যাঁদের অনেক বেশি জমি রয়েছে, তাঁরা ওইসব যন্ত্রাংশ নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু, সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া চাষিদের কথাও ভেবেছে। সেই কারণেই ছোট যন্ত্রাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 
চাষিরা বলেন, কবে কোথায় ক্যাম্প হবে, তা নিয়ে বেশি করে প্রচার করা দরকার। তাছাড়া কী কী প্রকল্পের সুবিধা ক্যাম্প থেকে পাওয়া যাবে, সেটা অনেকেই জানেন না। বেশি করে প্রচার করা হলে চাষিরা উপকৃত হবেন।
-প্রতীকী চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ