Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

‘দাদা’ রবির সঙ্গে সাক্ষাৎ ভাই অর্ঘ্যর, রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার জল্পনা

‘দাদা’ রবির সঙ্গে সাক্ষাৎ ভাই অর্ঘ্যর, রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার জল্পনা
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দীর্ঘদিন পর বিভেদ সরিয়ে ‘কাকা’ রবির কাছাকাছি এসেছেন ‘ভাইপো’ পার্থ। এবার কি দীর্ঘদিন ধরে কার্যত সরে থাকা ‘ভাই’ অর্ঘ্য রায়প্রধান ‘‘দাদা’ রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে সক্রিয় হবেন? সোমবার সেই জল্পনার সূত্রপাত হল। হলদিবাড়ি উৎসবের নিমন্ত্রণ করতে প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায়প্রধান কোচবিহারে এলেন। পুরসভায় এসে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। তাঁদের মধ্যে কিছুক্ষণ ‘রাজনৈতিক বিষয়’ নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
Advertisement
কোচবিহারের রাজনীতিতে এক সময় যথেষ্ট সক্রিয় ছিলেন অর্ঘ্য। কিন্তু বেশ কিছু বছর তিনি আর আগের মতো সক্রিয় ভূমিকায় নেই। জেলা তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বৈঠকেও তাঁকে দেখা যায় না। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অর্ঘ্য রায়প্রধান স্বীকার করে নিয়েছেন, তিনি দলের সক্রিয় কর্মী। পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষও দাবি করেন, ২০২৬-এ জেলার নটি আসন জিততে সকলকে ময়দানে নামানোই তাঁর লক্ষ্য। এদিন জেলার প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের সঙ্গেও দেখা করেন অর্ঘ্য।
দলের বৈঠকে ডাক পাওয়া, অভিমান রয়েছে কি না ইত্যাদি প্রশ্নের উত্তরে অর্ঘ্য বলেন, আমি সক্রিয়ই রয়েছি। রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। দল যা বলেছে তাই করেছি। খানিক অভিমান নিয়ে বলেন, হয়তো আমার যোগ্যতা নেই। রাজনৈতিক কর্মীদের অভিমান বলে কিছু থাকতে নেই। দল যেখানে চাইবে সেখানেই যাব।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অর্ঘ্য পুরানো ছেলে। ২০০৯ সালে প্রতিকূল অবস্থার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ২০১১ সালে তুফানগঞ্জ এবং ২০১৬ সালে মেখলিগঞ্জ আসন থেকে জিতেছিল। কাজ করতে চাইছে। কাজ করার সুযোগ করে দিতে হবে। আমরা পুরানোদের সঙ্গে যোগাযোগ করছি। আগামী বিধানসভায় ন’টি আসই আমাদের টার্গেট।
Advertisement
সম্পর্কিত সংবাদ