বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হিংসা অব্যাহত। সামনে আসছে একের পর এক ঘটনা। সামগ্রিক এই পরিস্থিতির প্রতিবাদে এবার সরব হল ভারতীয়রা। রবিবার অসমের শ্রীভূমি জেলার সুতারকান্দি স্থলবন্দর এলাকায় ‘বাংলাদেশ চলো’ অভিযানের ডাক দেয় ‘সনাতনী ঐক্য মঞ্চ’। সেই ডাকে সাড়া দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযানে সামিল হন কয়েক হাজার মানুষ। উলুবাড়ি, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অংশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে গর্জে ওঠেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, সুতারকান্দিতে কয়েক ঘণ্টার মধ্যে জমায়েত করেন কয়েক হাজার মানুষ। তাঁরা সেখান থেকে সীমান্তের উদ্দেশে এগতে গেলে বিএসএফ, পুলিস ও সিআরপিএফ বাধা দেয়। তাদের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। সেই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হন বলে খবর। প্রসঙ্গত, এদিনই কাছাড় জেলায় সফরে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।



