মুম্বই: মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের ‘কুকুর’ মন্তব্য নিয়ে আক্রমণ দ্বিগুণ করল বিজেপি। সোমবার আকোলায় প্রচারে গিয়েছিলেন পাটোলে। সেখানে তিনি বিজেপিকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। বিজেপি অভিযোগ তুলেছে, বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের হতাশা বেরিয়ে আসছে। বিজেপি নেতা কিরিট সোমাইয়ার দাবি, এই মন্তব্য প্রমাণ করে দিচ্ছে, মহা বিকাশ আঘাড়ি নিরাশার দিকে এগিয়ে চলেছে। আকোলায় প্রচারে গিয়ে পাটোলে অভিযোগ করেছিলেন, বিজেপি ওবিসি সম্প্রদায়ের মানুষকে অপমান করছে। তিনি বলেন, ‘আমি প্রশ্ন করতে চাই, যে বিজেপি আকোলা জেলার ওবিসি সম্প্রদায়ের মানুষকে কুকুর বলে মনে করে, তাদেরকে কি ভোট দেবেন? ওরা এত অহঙ্কারী হয়ে গিয়েছে যে, এবার বিজেপিকে কুকুর বানিয়ে দিন।’ আর পাটোলের এই বক্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির বক্তব্য, ‘নানা পাটোলে যখনই ময়দানে নামছেন, তখনই বুঝতে পারছেন যে, কংগ্রেসের পক্ষে মহারাষ্ট্রে সরকার গড়া সম্ভব নয়। হতাশা থেকেই তিনি বলেছেন, বিজেপিকে তিনি কুকুরের মতো পদানত করতে চান। এতে কংগ্রেসের ‘ইমার্জেন্সি’ মনোভাবই প্রকাশ পাচ্ছে। ওরা বিরোধীদের দমন করে নিজের বশে রাখতে চায়।’



