চণ্ডীগড়: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য ঘিরে সোচ্চার বিরোধীরা। সংবিধান প্রণেতাকে অপমানের অভিযোগ তুলে দেশের নানাপ্রান্তে পথে নেমেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এবার সেই ইস্যুতেই উত্তপ্ত হয়ে উঠল চণ্ডীগড় পুরনিগমের বৈঠক। মঙ্গলবার বৈঠকে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি ও কংগ্রেস কাউন্সিলাররা। ‘ভোট চোর’ কটাক্ষ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোনীত কাউন্সিলর অনিল ম্যাসি। চলতি বছরের জানুয়ারিতে পুরনিগমের মেয়র নির্বাচনের সময় ব্যালট পেপারে কারচুপি করেছিলেন রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত অনিল। এরফলে বিজেপি নির্বাচনে জিতে গিয়েছিল। ব্যালট পেপারে তাঁর কারচুপির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টে ওই ভোট খারিজ হয়ে যায়। আদালত তীব্র ভর্ৎসনা করেছিল তাঁকে। এদিন বিরোধী শিবিরের কটাক্ষ শুনেই ওয়েলে নেমে আসেন অনিল।
Advertisement
এদিন শাহর পদত্যাগের দাবিতে পুরনিগমে একটি প্রস্তাব পাশ করান কংগ্রেস ও আম আদমি পার্টির কাউন্সিলাররা। এনিয়েই বচসার সূত্রপাত। ওই প্রস্তাব নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপির কাউন্সিলাররা। তাঁরা দাবি করেন, বাবাসাহেবকে অপমান করেছে কংগ্রেসই। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময়কালের প্রসঙ্গও তোলেন গেরুরা শিবিরের কাউন্সিলাররা। অভিযোগ, রাহুল গান্ধী সম্পর্কেও অপমানজনক মন্তব্য করা হয়। পাল্টা জবাব দেন কংগ্রেস ও আপ কাউন্সিলাররা। অনিলকে ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেন তাঁরা। মুহূর্তেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। একে অন্যকে ধাক্কা দিতে শুরু করেন বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলাররা। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
উল্লেখ্য, দিন কয়েক আগে সংসদের রাজ্যসভায় সংবিধান বিতর্কে জবাবি ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর...আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গলাভ হত।’ তাঁর এই মন্তব্যের প্রতিবাদেই সরব বিরোধী শিবির।
উল্লেখ্য, দিন কয়েক আগে সংসদের রাজ্যসভায় সংবিধান বিতর্কে জবাবি ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর...আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গলাভ হত।’ তাঁর এই মন্তব্যের প্রতিবাদেই সরব বিরোধী শিবির।



