পরিচালক অ্যাটলির সঙ্গে সলমন খানের জুটি বাঁধার জল্পনা ছড়িয়েছিল বলি পাড়ায়। শাহরুখ খানের সঙ্গে পরিচালকের জুটি উপহার দিয়েছিল ‘জওয়ান’। সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। ভাইজানের সঙ্গেও অ্যাটলির কাজ চমকপ্রদ হতো বলেই আশা ছিল অনুরাগীদের। তবে সব আশায় জল পড়ল। কারণ অ্যাটলির বিগ বাজেটের ছবি থেকে বাদ পড়লেন সলমন। পরিবর্তে সেই ছবিতে কাজ করবেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। কেন এমন সিদ্ধান্ত? শোনা যাচ্ছে, সলমনকে নিয়ে নাকি আপত্তি প্রযোজনা সংস্থার। পুনর্জন্মের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবির চিত্রনাট্য। প্রযোজনার দায়িত্বে থাকছে সান পিকচার্স। ৬০০ কোটি টাকা বাজেট নির্ধারিত হয়েছে। ভাইজানের বিগত বেশ কয়েকটি কাজের গ্রাফ বক্স অফিসে তেমন ভালো নয়। বর্তমানে নজরে রয়েছে ‘সিকান্দার’। সেই ছবির বক্স অফিস ফল না দেখে এত বড় ছবির জন্য সলমনকে কাস্ট করতে চাইছেন না প্রযোজক। তাই অল্লুর উপরেই ভরসা রাখা হচ্ছে। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে অল্লু ছাড়াও আরও একজন অভিনেতা থাকবেন। ঈদের মরশুমে ‘সিকান্দার’ যদি ভালো ফল করে, সেক্ষেত্রে সলমনের কাছে প্রস্তাব যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অল্লুর সঙ্গে যাবতীয় আলোচনা সেরেছেন পরিচালক। তবে সইসাবুদের কাজ বাকি রয়েছে। সম্ভবত চলতি বছর এপ্রিল বা মে মাস থেকে শুরু হবে প্রাক-প্রযোজনা স্তরের কাজ। এ বছরের মাঝামাঝি থেকেই শুরু হতে পারে শ্যুটিং।



