Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘২০ মিনিট পরেই অবতরণ করব’, স্ত্রীর ফেরার অপেক্ষায় স্বামী

আর ২০ মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে। শেষ বার্তায় স্বামীকে এমনটাই জানিয়েছিলেন স্ত্রী। অবতরণের আগেই মার্কিন সেনার হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সংঘর্ষ হয়।

‘২০ মিনিট পরেই অবতরণ করব’, স্ত্রীর ফেরার অপেক্ষায় স্বামী
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: আর ২০ মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে। শেষ বার্তায় স্বামীকে এমনটাই জানিয়েছিলেন স্ত্রী। অবতরণের আগেই মার্কিন সেনার হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সংঘর্ষ হয়। পোটোম্যাক নদীতে পরে যায় বিমান ও হেলিকপ্টার। তারপরেই যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  দুর্ঘটনাগ্রস্ত বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ বিমানটিতে ছিলেন ৬৪ জন যাত্রী। তাঁদের মধ্যেই ছিলেন হামাদ রাজার স্ত্রী। মাত্র দু’বছর আগেই দু’জনের বিয়ে হয়েছিল। 
Advertisement
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামাদ বলেন, ‘ও আমায় জানিয়েছিল, আর ২০ মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে। মেসেজ পাওয়ামাত্র উত্তর দিয়েছিলাম। তবে মেসেজের সেই উত্তর ওর কাছে পৌঁছয়নি। তখনই মনে হচ্ছিল যে কিছু একটা হয়েছে।’ তার কয়েক মিনিট পরেই বিমান দুর্ঘটনার খবর পান হামাদ। স্ত্রীর মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাননি হামাদ। তাই তাঁর বেঁচে থাকার আশা ছাড়তে নারাজ। হামাদের কথায়, ‘আশা করছি, ওকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হবে।’ 
রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছেই থাকেন রয় বেস্ট। বিমান-কপ্টার সংঘর্ষের দৃশ্য কিছুতেই ভুলতে পারছেন না তিনি। বেস্ট বলেন, ‘প্রথমেই তীব্র বিস্ফোরণ শুনতে পাই। বাঁদিকে তাকাতেই প্রথমে একটি আগুনের গোলা দেখি। বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আতঙ্কে চিৎকার করে ওঠে আমার প্রতিবেশী।’
সংঘর্ষের পরেই কন্ট্রোল টাওয়ারকে খবর দেন আর একটি বিমানের পাইলট। রেডিও মারফত দেওয়া সেই বার্তা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। টাওয়ারকে ওই ব্যক্তি বলেন, ‘কিছুক্ষণ আগে আকাশে আগুনের বিশাল একটি গোলা দেখতে পেলাম। মুহূর্তের মধ্যে সেটি উধাও হয়ে গেল।’
Advertisement
সম্পর্কিত সংবাদ