Bartaman Logo
২৭ মে, ২০২৬

লিফট দেওয়ার ফাঁদ পেতে ১৮ মাসে ১১ খুন, গ্রেপ্তার পাঞ্জাবের সিরিয়াল কিলার

লিফট দেওয়ার ফাঁদ পেতে ১৮ মাসে ১১ খুন, গ্রেপ্তার পাঞ্জাবের সিরিয়াল কিলার
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চণ্ডীগড়: লিফট চাই? গাড়ির দরজা খুলে হাসি মুখে জানতে চাইত যুবক।  অসময়ে যাতায়াতের জন্য কোনও গাড়ি না পেয়ে সহজেই সেই ফাঁদে পা দিতেন অনেকে। তারপর ঘটত হাড়হিম ঘটনা। ছলে বলে কৌশলে যাত্রীদের যৌনক্রিয়ায় লিপ্ত হতে বাধ্য করত ওই যুবক। তারপর লুটপাট চালিয়ে ‘শিকারে’র গলায় কাপড় জড়িয়ে শ্বাসরোধ করে বা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করত সে। এভাবেই গত ১৮ মাসে ১১টি খুন করেছে সে। শেষপর্যন্ত পুলিসের জালে ধরা পড়ল পাঞ্জাবের সিরিয়াল কিলার। মঙ্গলবার রাজ্যের রূপনগর থেকে গ্রেপ্তার করা হল অভিযুক্ত রাম স্বরূপকে (৩৩)। তার বাড়ি হোশিয়ারপুর জেলার চৌরা গ্রামে। বেছে বেছে পুরুষদের টার্গেট করত রাম। খুনের পর আবার অনুতপ্ত হয়ে মৃতদের কাছে ক্ষমাও চাইত। তবে এক শিকারের পিঠে সে লিখে দিয়েছিল ‘ধোকেবাজ’।
Advertisement
পাঞ্জাবে ১৮ আগস্ট এক যুবকের দেহ উদ্ধার হয়। একটি টোল প্লাজ়ায় চা ও জল বিক্রি করতেন তিনি। তদন্তে নেমে শুরুতে খালি হাতে ফিরতে হয় পুলিসকে। এদিকে একের পর এক খুন নতুন করে অস্বস্তিতে ফেলে পুলিসকে। দীর্ঘ তদন্তের পর অভিযুক্ত রামকে পাকড়াও করা হয়। জেরার মুখে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। আর এই সূত্রেই যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, তাতে আঁতকে ওঠে খোদ পুলিসই। ধৃত জানায়, সে রূপনগর, হোশিয়ারপুর ও ফতেগড় জেলায় একইভাবে আরও ১০ জনকে খুন করেছে সে। ৫ এপ্রিল এক ট্রাক্টর মেরামতকারী, ২৪ এপ্রিল এক যুবক সহ  এক প্রাক্তন সেনাকর্মীকেও খুন করেছে। এই প্রাক্তন সেনাকর্মীকে খুন করার পর তাঁর  পিঠে লিখে দেয় ‘ধোকেবাজ।’ অভিযুক্তের কথায়, ‘খুনের পর বড্ড খারাপ লাগত। তাই মৃতের পা ছুঁয়ে তাঁর কাছে ক্ষমা চাইতাম। তারপর তাঁদের ভুলে যেতাম।’ পুলিস জানিয়েছে, মাদকাসক্ত হয়ে খুন করত রাম। পুরুষের প্রতি তাঁর আকর্ষণের বিষয়টি জানাজানি হতেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই সিরিয়াল কিলিং নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। 
সম্পর্কিত সংবাদ