Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিক্ষোভের মাঝে শুরু লুটপাট! অশান্ত লস এঞ্জেলসে জারি কার্ফু

পাঁচদিন হতে চলল, এখনও অশান্ত ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারি ধড়পাকড়ের প্রতিবাদে বিক্ষোভ চলছেই।

বিক্ষোভের মাঝে শুরু লুটপাট! অশান্ত লস এঞ্জেলসে জারি কার্ফু
  • ১১ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

লস এঞ্জেলস, ১১ জুন: পাঁচদিন হতে চলল, এখনও অশান্ত ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারি ধড়পাকড়ের প্রতিবাদে বিক্ষোভ চলছেই। এর মধ্যে শুরু হয়েছে হিংসা ও লুটপাটের ঘটনা। এই পরিস্থিতিতে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার থেকে শহরে আংশিক কার্ফু জারির কথা ঘোষণা করলেন মেয়র কারেন বাস।

Advertisement

চলতি বিক্ষোভ দমনে কোমর বেঁধে নেমেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শহরে পাঠানো হয়েছে ৭০০ ইউএস মেরিনের মতো এলিট ফোর্স। সঙ্গে আরও দু’হাজার ন্যাশনাল গার্ড সদস্য। চলছে ব্যাপক ধড়পাকড়। মঙ্গলবার প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর পরে শহরের কেন্দ্রস্থলের আড়াই বর্গকিলোমিটার এলাকায় স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে। লস এঞ্জেলসের স্থানীয় প্রশাসনের তরফে বাসিন্দাদের এই বিষয়ে মোবাইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে পা না রাখার অনুরোধ করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন এই নির্দেশিকা জারি থাকবে বলে জানা গিয়েছে। 
লস এঞ্জেলসের বিক্ষোভকে যতটা আগ্রাসী বলে প্রচার করছেন ট্রাম্প, তাতে একেবারেই খুশি নন গভর্নর নিউসম। তাঁর অভিযোগ, ট্রাম্প বাস্তব পরিস্থিতি থেকে অনেক দূরে বিচরণ করছেন।  এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এইভাবে সেনা মোতায়েন নির্দয় সিদ্ধান্ত ও আমাদের বাহিনীর প্রতি তা অসম্মানের। জনগণের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়নি। করা হয়েছে ‘বিপজ্জনক’ প্রেসিডেন্টের ইগোর কারণে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ