নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজো উপলক্ষ্যে বাঁশের কাঠামো তৈরির জেরে গোডাউনে পণ্যবাহী লরি ঢোকা-বেরনোর রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ব্যবসার কাজে সমস্যা হচ্ছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ। শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে গ্র্যান্ড ফোরশোর রোডের একটি গোডাউন কর্তৃপক্ষ। পাশাপাশি, জায়গাটি কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে হওয়ায় সমস্যার কথা বন্দর কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।
গ্র্যান্ড ফোরশোর রোডে ওই গোডাউনটি রয়েছে। সেখানে পণ্যবাহী ট্রাক বা লরি নিয়ে যেতে মূল রাস্তা থেকে একটি পাশের রাস্তা ব্যবহার করতে হয়। বর্তমানে সেই রাস্তার উপরেই পুজো কমিটির তরফে বাঁশের কাঠামো তৈরি করা হচ্ছে। ফলে গোডাউনে নিয়মিত পণ্য নিয়ে আসা বড়ো গাড়ি ঢোকানো-বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ। গোডাউন কর্তৃপক্ষের দাবি, আগের বছরগুলিতেও ওই এলাকায় পুজোর প্যান্ডেল হয়েছে। তবে তখন গাড়ি চলাচলে এমন সমস্যা তৈরি হয়নি। এবারে সমস্যা হচ্ছে। দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও তুলেছে গোডাউন কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে পুজো কমিটির সঙ্গে কথা বলা হলেও সমস্যার সমাধান হয়নি। গোডাউন কর্তৃপক্ষের তরফে ব্যবসায়ী হরিরাম ঠাকুর বলেন, ‘থানায় অভিযোগ জানানো হয়েছে। জায়গাটি পোর্ট ট্রাস্টের অধীনে হওয়ায় তাদেরও লিখিতভাবে জানিয়েছি। সমস্যার সমাধান না হওয়ায় আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি।’ নিজস্ব চিত্র