• রবীন্দ্রনাথের গান তাঁদের চলার পথের পাথেয়। সেই পথ তাঁদের এবার এক করল। প্রথমবার একসঙ্গে সঙ্গীত পরিবেশন করলেন লোপামুদ্রা মিত্র ও সাহানা বাজপেয়ী। দু’জনে একসঙ্গে পরিবেশন করেন একাধিক জনপ্রিয় গান। সাহানা থাকেন লন্ডনে। বছরে বার কয়েক তিনি আসেন কলকাতায়। লোপামুদ্রা তাঁর দীর্ঘদিনের প্রিয় শিল্পী। সাহানা জানান, লোপামুদ্রার সঙ্গে তিনি কখনও একমঞ্চে পারফর্ম করতে পারবেন, এমনটা কল্পনা করেননি। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি। অন্যদিকে, সাহানার মতো গুণী শিল্পীর সঙ্গে পারফর্ম করে খুশি লোপামুদ্রাও। এদিনের নিবেদনে ছিল রবীন্দ্রসঙ্গীত, বাংলা লোকসঙ্গীত, আধুনিক ও চলচ্চিত্রের গানও। সম্পূর্ণ নতুন ও সঙ্গীত আয়োজনের সঙ্গে গান পারফর্ম করেন দুই শিল্পী। ‘সংস্কৃতি সাগর’ আয়োজিত অনুষ্ঠানে ড্রামসে ছিলেন গাবু।



