নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাইকে চেপে কাজে যাওয়ার পথে সাতসকালে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে লিলুয়ার কোনা ব্রিজে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মন্নু মিশ্র (২৫)। তাঁর বাড়ি হুগলির শ্রীরামপুরে। অন্যান্য দিনের মতোই এদিন সকালে বাইকে চেপে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে ডানকুনির দিকে কাজে যাচ্ছিলেন তিনি। কোনা ব্রিজে পিছন দিক থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর লিলুয়া থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, যুবকের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট হয়।



