Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লিলুয়ায় খাটাল থেকে উধাও ৮ গোরু, মাথায় হাত দুধ ব্যবসায়ীর

লিলুয়ায় খাটাল থেকে উধাও ৮ গোরু, মাথায় হাত দুধ ব্যবসায়ীর
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আর পাঁচটা দিনের মতোই তাঁর খাটালে ছিল আটটি গোরু। রাতে তাদের খাবার খাইয়ে নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুম দিয়েছিলেন দুধ ব্যবসায়ী দীপক রাই। ভোরে তিনি খাটালে আসতেই চোখ ছানাবড়া। রাতের অন্ধকারে সবকটি গোরুই চুরি করে নিয়ে গিয়েছে কেউ বা কারা। একইসঙ্গে রাখা ছিল আরেক ব্যবসায়ীর গোরুও। সেগুলিও চুরি হয়ে গিয়েছে। গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে লিলুয়ার সি রোড এলাকায়। গোরু চুরির পর দু’দিন কেটে গেলেও দুষ্কৃতীদের টিকি ধরতে পারেনি পুলিস। এদিকে, কয়েক লক্ষ টাকা লোকসান হওয়ায় মাথায় হাত দুধ ব্যবসায়ীর।
Advertisement
লিলুয়ার সি রোডের লোহা গেটের বাসিন্দা দীপক রাইয়ের দুধের ব্যবসা বংশানুক্রমিক। বাড়ির কাছেই একটি খোলা খাটালে তিনি নিজের ছ’টি গোরু রাখতেন। সেখানে থাকত আরও এক দুধ ব্যবসায়ীর দু’টি গোরু। গত শনিবার রাত ১২টা নাগাদ খাটাল থেকে বাড়ি যান দীপক। ফের ভোর সাড়ে চারটে নাগাদ খাটালে এসে দেখেন কোনও গোরু নেই। এই গোরুগুলিকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়েছে। দীপক রাই বলেন, ‘এত বছর ধরে এখানেই আমরা গোরুগুলি রাখতাম। রাতে এই এলাকা শুনশান থাকে। জানি না কারা গোরু চুরি করেছে। তবে রাস্তায় অনেকটা দূর পর্যন্ত গোবর ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। তার মানে, ওদের হাঁটিয়ে কিছুটা দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি।’ খাটাল নিঃস্ব হয়ে যাওয়ায় প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দীপকের। তিনি বলেন, গোরুর দুধ বিক্রি করেই সংসার চলে। এই এলাকায় প্রতিদিন দু’বেলা বাড়ি বাড়ি দুধ বিক্রি করি। পাশাপাশি কয়েকটি মিষ্টির দোকানেও দিনে ৪০-৫০ লিটার দুধ সরবরাহ করতে হয়। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু তারপর দু’দিন কেটে গেলেও এখনও পুলিস গোরুর খোঁজ পায়নি। এখন কীভাবে সংসার চলবে, সেটাই বুঝে উঠতে পারছেন না দুই দুধ ব্যবসায়ী।
সম্পর্কিত সংবাদ