Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্যমাত্রা অনুযায়ী জলপ্রকল্পের কাজ শেষ করার নির্দেশ মেয়রের

লক্ষ্যমাত্রা অনুযায়ী জলপ্রকল্পের কাজ শেষ করার নির্দেশ মেয়রের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্যমাত্রা তৈরি করে কাজ করুন। প্রকল্পের কোন কাজ কবে হবে, তার ‘বার চার্ট’ তৈরি করুন। কাজ কতদূর এগল বার চার্ট ধরে প্রতিমাসে রিভিউ করুন। শুক্রবার জল সরবরাহ বিভাগ সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের এই নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গড়িয়া ঢালাই ব্রিজে শুরু হওয়া পুরসভার জল উৎপাদন প্রকল্পের (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) কাজ প্রসঙ্গে এই বার্তা দেন মেয়র। এই প্রকল্প চালু হলে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং যাদবপুরের একাংশ উপকৃত হবে। 
Advertisement
যাদবপুরের সন্তোষপুর থেকে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগ আসে এদিন। গভীর নলকূপের জলে প্রচুর আয়রন। তা খাওয়ার অযোগ্য। এমন অভিযোগ জানান এক বাসিন্দা। মেয়র বলেন, এই মুহূর্তে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া সম্ভব নয়। কারণ পর্যাপ্ত জল নেই। আরও দু’বছর অপেক্ষা করুন। গড়িয়া ঢালাই ব্রিজে জলপ্রকল্পের কাজ শেষ হলে পরিশুদ্ধ পানীয় জল মিলবে। তারপর বিভাগীয় আধিকারিকদের লক্ষ্যমাত্রা মেনে সময়ের মধ্যে কাজ শেষ করার 
নির্দেশ দেন ফিরহাদ। তিনি বলেন, ‘মানুষের কাছে যেন মিথ্যাবাদী না 
হই। কাজ সময়ের মধ্যে ডেলিভারি করতে হবে।’ 
প্রসঙ্গত ঢালাই ব্রিজে ১০ মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করছে পুরসভা। খিদিরপুর থেকে গঙ্গার জল পাইপলাইনের মাধ্যমে তুলে এই প্রকল্পে শোধন হবে। তারপর সেই পরিশুদ্ধ জল বাড়ি বাড়ি সরবরাহ হবে। ইতিমধ্যেই পাইপলাইন পাতার কাজ হয়ে গিয়েছে। সেই সঙ্গে সঠিকভাবে বন্টনের জন্য বিভিন্ন ওয়ার্ডে জলাধার এবং বুস্টার পাম্পিং তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, 
প্লান্ট তৈরি করতে খরচ হচ্ছে ৭৮ কোটি টাকা। 
সম্পর্কিত সংবাদ