Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লক্ষ্মীলাভের আশায় নবদ্বীপের মৃৎশিল্পীরা

প্রতি বছরই নবদ্বীপের মৃৎশিল্পীদের তৈরি সরস্বতী প্রতিমার চাহিদা তুঙ্গে থাকে। তাই দুর্গাপুজো ও রাসের পর থেকেই এখানে সরস্বতী প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে এবছর দেরিতে অর্ডার মেলায় নবদ্বীপের মৃৎশিল্পীরা লক্ষ্মীলাভের আশায় রাতদিন জোরকদমে সরস্বতী প্রতিমা তৈরি শুরু করেছেন।

লক্ষ্মীলাভের আশায় নবদ্বীপের মৃৎশিল্পীরা
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: প্রতি বছরই নবদ্বীপের মৃৎশিল্পীদের তৈরি সরস্বতী প্রতিমার চাহিদা তুঙ্গে থাকে। তাই দুর্গাপুজো ও রাসের পর থেকেই এখানে সরস্বতী প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে এবছর দেরিতে অর্ডার মেলায় নবদ্বীপের মৃৎশিল্পীরা লক্ষ্মীলাভের আশায় রাতদিন জোরকদমে সরস্বতী প্রতিমা তৈরি শুরু করেছেন।
Advertisement
জানা গিয়েছে, একসময় এখানকার সরস্বতী প্রতিমা ট্রেনে বা অন্যান্য বাহনে চেপে ভাগলপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ, ক্লাব ও বারোয়ারির উদ্দেশ্যে পাড়ি দিত। কিন্তু এখন আর প্রতিমা আগের মতো বাইরে যায় না। তবুও এখনও এখানকার কয়েকজন শিল্পীর তৈরি প্রতিমার চাহিদা বাইরে রয়েছে। পাশাপাশি নবদ্বীপ সহ আশপাশের এলাকাগুলিতে আগের তুলনায় পুজোর সংখ্যা অনেক বেড়েছে। ফলে প্রতিটি শিল্পীর কারখানায় প্রতিমা তৈরিতে এখন চূড়ান্ত ব্যস্ততা।
বৈষ্ণব তীর্থ নবদ্বীপে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। এই শহরে আড়াইশো থেকে তিনশো মানুষ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত আছেন। সারা বছর কমবেশি নবদ্বীপের মৃৎশিল্পীদের কারখানায় বিভিন্ন মাটির মূর্তি তৈরি হয়। নবদ্বীপে দুর্গাপুজো ও রাসের পর দীর্ঘ সময় তেমন কোনও বড় উৎসব থাকে না। তখন অধিকাংশ শিল্পীরই তেমন অর্ডার থাকে না। ফলে, প্রায় দু’মাস তাদের বসেই থাকতে হয়। তবে সেই অবসর সময়ে অধিকাংশ শিল্পীই ছোট বড় বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করে রাখেন। আর সেই রেডিমেড সরস্বতী প্রতিমা কিনতে নবদ্বীপ সহ পার্শ্ববর্তী জেলার মানুষ মৃৎশিল্পীদের কারখানায় ভিড় জমান।
নবদ্বীপ উত্তর বঙ্গপাড়ার প্রবীণ মৃৎশিল্পী গৌতম সাহা বলেন, আমি আর্টের প্রতিমা বেশি তৈরি করে থাকি। এবছর ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি প্রতিমা তৈরি করেছি। এবছরও আমাদের তৈরি সরস্বতী প্রতিমা কলকাতার গড়িয়া, বর্ধমান, মেমারি, নবদ্বীপের গঙ্গার ওপারে স্বরূপগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। তবে প্রতিমা তৈরি করতে মাটির খুব সমস্যা হচ্ছে। সোলার সাজ ছাড়া প্রতিমা তৈরির অন্যান্য উপকরণের দাম খুব একটা বাড়েনি। এবছর সরস্বতী প্রতিমার ভালো চাহিদা রয়েছে। এক একটা বড় প্রতিমা ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট প্রতিমা দেড় থেকে দু’হাজার টাকায়। মৃৎশিল্পী দেবাশিস(বাপি) পাল বলেন, এবছর দেরিতে অর্ডার মেলায় হাতে সময় খুব কম। আগে এক-দেড় মাস আগে থেকেই সরস্বতী প্রতিমার অর্ডার পেতাম। এখন পরীক্ষা বা বিভিন্ন কারণে প্রতিমার অর্ডার পেতে দেরি হয়ে যায়। স্কুল, কলেজের প্রতিমা তো আছেই। এছাড়া বিভিন্ন ক্লাব, বারোয়ারি ও বাড়ির প্রতিমা মিলিয়ে ৪০টির বেশি প্রতিমা তৈরি করছি। মূলত বাংলা ঘরানার প্রতিমাই বেশি তৈরি করে থাকি। কমবেশি সব শিল্পীর প্রতিমারই চাহিদা রয়েছে। আশা করছি, এবছর সরস্বতী প্রতিমা বিক্রি করে ভালো লাভ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ