লখনউ, ১ জানুয়ারি: নিজের মা ও বোনেদের খুন করল যুবক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার বর্ষবরণের রাতে আগ্রা থেকে লখনউতে নিজের মা ও চার বোনেদের নিয়ে এসেছিল আরশাদ নামের এক যুবক। রাতেই লখনউয়ের নাকা এলাকার একটি হোটেলে উঠেছিল তাঁরা। অভিযোগ, গতকাল রাতে খাওয়া-দাওয়ার পরই অভিযুক্ত আরশাদ নিজের মা ও চার বোনকে খুন করেন। খবর পেয়েই লখনউ পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পরিবারের পাঁচ সদস্যকে খুনের কথা স্বীকার করেন আরশাদ। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে পুলিস। সম্পত্তির কারণেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। জানা গিয়েছে, খাবারে বিষ মিশিয়ে নিজের পরিবারের সদস্যদের খুন করেছেন আরশাদ। দু’জনের মৃতদেহে আঘাতের চিহ্নও রয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। জানা গিয়েছে, যুবকের মায়ের নাম আসমা। এছাড়া চার বোন- আলিয়া(৯), আলশিয়া(১৯), আকসা(১৬) এবং রহমিনকে(১৮) হোটেলের ঘর থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিস। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। শুধুই কী সম্পত্তির কারণে খুন? নাকি নেপথ্যে অন্য কোনও বিষয়ও রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।



