Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লুকিয়ে বাংলাদেশিরা, অভিযোগ তুলে জেলাশাসককে তালিকা দিল বিজেপি  

লুকিয়ে বাংলাদেশিরা, অভিযোগ তুলে জেলাশাসককে তালিকা দিল বিজেপি
 
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার নানা প্রান্তে লুকিয়ে ও ঘাপটি মেরে রয়েছে বাংলাদেশিরা। অনেকেই আবার বেআইনিভাবে ভুল নথি দেখিয়ে ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেছে। এমন লুকিয়ে থাকা এবং বেআইনিভাবে থাকা বাংলাদেশিদের তালিকা তৈরি করে জেলাশাসকের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। ইতিমধ্যেই তারা জেলাশাসক বিজিন কৃষ্ণার  হাতে ১০ জনের নাম ও ঠিকানা তুলে দিয়েছে। জেলাশাসক পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। শুক্রবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরও একাধিক জনের তালিকা তৈরি হচ্ছে। আগামীতে সেই তালিকাগুলিও জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। 
Advertisement
এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, আমাদের কাছে খবর আছে অনেকে বাংলাদেশ থেকে এসে জেলায় আশ্রয় নিয়েছে। তারা বেআইনিভাবে ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেছে। এমন প্রায় ১০-১২ জনের নাম আমরা সূত্র মারফত খবর পেয়ে জেলাশাসকের হাতে তুলে দিয়েছি। তিনি ভোটার তালিকার নাম তোলার বিষয়টি সামাল দেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সূত্র মারফত এবং নির্দিষ্টভাবে আমাদের কাছে আরও খবর আসছে। সেই নামগুলি আগামীতে আমরা ফের জেলাশাসকের হাতে তুলে দেব। সুকান্তবাবু আরও বলেন, সংবাদপত্র এবং টিভি মিডিয়াতে এমন ভুয়ো চক্রের হদিস মেলার পর, বিষয়টি আরও গোপনীয় ভাবে হচ্ছে। তবে এই চক্র থেমে নেই। আগামীতে ভুয়ো ভোটার রাজ্য তথা দেশের ক্ষতি করবে। তাই উপযুক্ত ব্যবস্থা না নিলে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। 
তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, একটি রাজনৈতিক দল জেলাশাসকের কাছে চিঠি দিতেই পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সব ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া সঠিক কাজ নয়। প্রশাসন প্রশাসনের কাজ করবে। জেলায় বাংলাদেশি আদৌ রয়েছে কি না তা প্রশাসন দেখবে। 
বিজেপি সূত্রে খবর, ১০ থেকে ১২ জনের ওই তালিকার ব্যক্তিরা কুমারগঞ্জ, তপন ও গঙ্গারামপুরের বাসিন্দা। নির্দিষ্ট করে ওই নামগুলি দেওয়া রয়েছে। তারাচ অবৈধভাবে আত্মীয়দের বাড়িতে থেকেই ভোটার তালিকায় নাম তুলেছে।  দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বাংলাদেশিদের ধরপাকড় চলছে। 
অনেকেই ঘাপটি মেরে রয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপির পাওয়া অভিযোগের পর জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে এধরনের অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ