নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গিয়েছে। এবার গরম বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া বায়ুমণ্ডলের নীচের স্তরে ঢুকতে শুরু করবে। বাংলা নতুন বছরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) পড়ার ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে। তাপমাত্রা বাড়বে কলকাতায় এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সর্বোচ্চ তাপমাত্রা কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে ৩-৫ ডিগ্রি বেড়ে যাবে।



