সংবাদদাতা, বাগডোগরা: বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম বাগডোগরা স্টেশন মোড় যুব সংঘ ও গোঁসাইপুর নিমতলার কালীপুজো। স্টেশন মোড় যুব সংঘের এবছরের থিম অচিন পাখি। পরিবেশ রক্ষা ও পাখি সংরক্ষণের বার্তা তুলে ধরা হচ্ছে মণ্ডপজুড়ে। অন্যদিকে, আলো-থিমে জমজমাট থাকবে গোঁসাইপুর নিমতলা।
পরিবেশ দূষণ ও গাছ কাটার ফলে পাখির সংখ্যা ক্রমশ কমছে। পাখি এই সমাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরতেই এবছর স্টেশন মোড় যুব সংঘের ১৭তম বর্ষের কালীপুজোয় থিম রাখা হয়েছে ‘অচিন পাখি’। বাঁশ, কাপড় সহ নানান পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। থাকছে বাবুই পাখির বাসা। এছাড়াও নানা প্রজাতির পাখির বাসা তৈরি করা হচ্ছে। অনেকেই সেসব পাখির নাম জানে না। এককথায় ছোট একটি পাখিরালয় দেখা যাবে পুজোমণ্ডপে। পুজো কমিটির সভাপতি তন্ময় সরকার, যুগ্ন সম্পাদক দেবব্রত দাস ও দেবব্রত চৌধুরীরা বলেন, বর্তমানে দিন দিন কমে আসছে পাখির সংখ্যা। পরিবেশ দূষণ সহ নগরায়ণ ও বিভিন্ন কারণে তা হচ্ছে। পাখি সংরক্ষণ কতটা প্রয়োজন তা এবার আমরা তুলে ধরছি পুজোমণ্ডপে।
গোঁসাইপুর রুপসিংজোত নিমতলা কালীপুজো কমিটি প্রত্যেক বছর দর্শকদের নিত্যনতুন মণ্ডপ বানিয়ে চমক দিয়ে আসে। এবছর তাদের ৪২তম বর্ষ। রংবেরংয়ের রিবন, কাপড়, বাঁশ ও লোহা দিয়ে তৈরি হচ্ছে পুজোমণ্ডপ। প্রতিমাতেও চমক থাকছে বলে জানান পুজো কমিটির সদস্যরা। এছাড়া এশিয়ান হাইওয়ের সার্ভিস রোড থেকে পুজোমণ্ডপ পর্যন্ত আলোকসজ্জা থাকছে। পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সহ-সভাপতি তাপস ঘোষ ও সম্পাদক নীরেন রায় বলেন, আমাদের পুজো নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ থাকে প্রত্যেক বছর। এবছরও আমরা দর্শকদের মন জয় করব বলে আশাবাদী।