নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের বিরোধিতায় এবং জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ধর্মতলায় এক মঞ্চে শামিল হল সমস্ত বাম দল। রানি রাসমণি রোডে অবস্থানের কথা থাকলেও পরে তা ওয়াই চ্যানেলে হয়। একটি টেম্পোর উপরেই বিমান বসু, মহম্মদ সেলিম, দীপঙ্কর ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়রা বক্তব্য রাখেন। দিল্লিতে যেমন এই ইস্যুতে সিপিএমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা গিয়েছিল, এখানকার তাঁর নাম পর্যন্ত উচ্চারিত হয়নি। সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। আবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ভোটচুরির প্রতিবাদে যেন কোনো চোর ঢুকে না পড়ে। চোরেদের পাপস্খলন করে আসতে হবে। কাকে চোর বললেন তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলার লোকেদের কাছে ইশারাই যথেষ্ট। সুর চড়িয়ে তিনি আরও বলেন, জ্ঞানেশ কুমারকে কোনো বাপ বাঁচাতে পারবে না। অন্যদিকে, এদিন শহরে হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশন আয়োজিত এসআইআর বিরোধী একটি আলোচনা সভায় যোগ দেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, ঐশী ঘোষ, বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। এসআইআর পদ্ধতিকে ভুয়ো এবং অন্যায্য বলে উল্লেখ করেন কুরেশি।



