নয়াদিল্লি: আলোচনার কেন্দ্রে কয়েক দশকের পুরনো বেশ কিছু চিঠি। বিভিন্ন সময়ে যেগুলি লিখেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কোনওটি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে। কোনওটির প্রাপক আবার এডুইনা মাউন্টব্যাটেন, অরুণা আসফ আলি, বাবু জগজীবন রামের মতো ব্যক্তিত্ব। অভিযোগ, ২০০৮ সালে সোনিয়া গান্ধীর অনুরোধে সেগুলি সরিয়ে নেওয়া হয়েছিল দিল্লির প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরি (পিএমএমএল) থেকে। তারপর থেকে সেগুলি রয়েছে সোনিয়ার ব্যক্তিগত হেফাজতে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেই চিঠিগুলি ফেরত চেয়ে এবার রাহুল গান্ধীকে পত্র দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন পিএমএমএল। বিষয়টি সামনে আসার পরে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। নাম না করে গান্ধী পরিবারকে খোঁচা দিয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর দাবি, ঐতিহাসিক এই সমস্ত নথি সারা দেশের সম্পত্তি। সেগুলি কখনও কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। তাঁর প্রশ্ন, গান্ধী পরিবার দেশবাসীর থেকে কী লুকোতে চাইছে?
Advertisement
বিংশ শতকের বিখ্যাত ব্যক্তিত্বদের লেখা নেহরুর চিঠিগুলি ১৯৭১ সালে তুলে দেওয়া হয়েছিল পিএমএমএলের হাতে। কিন্তু ২০০৮ সালে ইউপিএ আমলে সেই ৫১ বাক্স চিঠি সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয় বলে দাবি। সেই সমস্ত চিঠি ফেরতের আর্জি জানিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে সোনিয়া গান্ধীকে আবেদন করেছিল পিএম মিউজিয়াম। কিন্তু তাতে কোনও সাড়া না পেয়ে গত ১০ ডিসেম্বর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি দেন আমেদাবাদের ইতিহাসবিদ এবং পিএমএমএল-এর অন্যতম সদস্য রিজওয়ান কাদরি। চিঠিতে তিনি লেখেন, ‘আমরা জানি গান্ধী পরিবারের কাছে এই চিঠিগুলির ব্যক্তিগত গুরুত্ব আছে। তবে পিএমএমএল মনে করে এই ঐতিহাসিক সম্পদ আরও সহজলভ্য হওয়া উচিত। এর ফলে মেধাবী পড়ুয়া ও গবেষকরা উপকৃত হবেন।’ আসল চিঠি না দিতে পারলে অন্তত তার ফোটোকপি বা ডিজিটাল ভার্সান দেওয়ার আবেদন করা হয়েছে ওই চিঠিতে।
বিজেপির কয়েকজন নেতা বিশেষভাবে লেডি মাউন্টব্যাটনকে লেখা নেহরুর চিঠি নিয়েই সবচেয়ে বেশি হৈচৈ শুরু করেছেন। তাদের প্রশ্ন, এমন কী হল যে প্রায় ৮০ বছর আগে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেলের স্ত্রীকে লেখা চিঠিগুলি সরিয়ে নিয়ে যাওয়া হল?সেই চিঠিগুলি এখন কী অবস্থায় রয়েছে?
এব্যাপারে গান্ধী পরিবার বা কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে সংসদেও সরব হন সম্বিত পাত্র। প্রশ্নোত্তর পর্বে লোকসভায় বিষয়টি তোলেন তিনি। সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘এব্যাপারে সরকার পদক্ষেপ নিতে পারে।’ -ফাইল চিত্র