পার্ক সার্কাসে পার্কিং নিয়ে বচসার জেরে আইনজীবীকে মারধর, ধৃত ১
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  পার্ক সার্কাস এলাকার একটি শপিং মলের সামনে পার্কিং নিয়ে বচসার জেরে  এক আইনজীবীকে লোহার রড ও হেলমেট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছটা 

Advertisement

নাগাদ ঘটনাটি ঘটেছে । ভিকি সাউ নামে ওই আইনজীবীর মাথায় আঘাত লাগে। ঘটনায় অভিযুক্ত মহম্মদ সাদ্দামকে রাতেই গ্রেপ্তার করেছে কড়েয়া থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনজীবীর বাইক শপিং মলের সামনে থাকা পার্কিংয়ে ভিতরের দিকে ছিল। সেখানে অভিযুক্তের গাড়িও পার্ক করা ছিল। ভিকিবাবু বাইকটি বের করার সময় সাদ্দামের গাড়িতে ঘষা খায়। এই নিয়ে অভিযুক্ত তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেয়। ভিকি বোঝানোর চেষ্টা করেন, পার্কিং থেকে বের করার সময় এই ধরনের ঘটনা হতেই পারে। এরপরই সাদ্দাম চিৎকার করতে থাকে। দু’জনের বচসা শুরু হয়। ভিকিকে ঘুষি মারে সাদ্দাম। অভিযোগ, এরপর হেলমেট দিয়ে ভিকির মাথায় আঘাত করা হয়।  এতে তিনি মাথায় আঘাত পান। তাতেও ক্ষান্ত না হয়ে সাদ্দাম সামনে পড়ে থাকা  লোহার রড তুলে এনে তাঁর মাথায় আঘাত করে বসে। ভর সন্ধ্যায় এই ঘটনা ঘটায় লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে সাদ্দাম। ওই আইনজীবী স্থানীয় সরকারি  হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানে বলা হয়, তাঁর মাথায় আঘাত রয়েছে। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের কাছ থেকে পুলিশ ঘটনার বিষয়ে জানতে পারে। ওই শপিং মলের সামনে যান কড়েয়া থানার অফিসাররা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানা যায়, আইনজীবীকে মারধর করা হচ্ছে। ওই আইনজীবী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ মারধর সহ একাধিক ধারায় কেস রুজু করে। এর মাঝে অভিযোগকারী অসুস্থ বোধ করায় তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। রাতেই সাদ্দামকে কড়েয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।