নয়াদিল্লি: গত সপ্তাহেই কাশ্মীরে ‘অপারেশন মহাদেব’ চালিয়ে তিন জঙ্গিকে খতম করেছিল সেনা। জঙ্গিদের কাছে থাকা অস্ত্র ও অন্যান্য সামগ্রী পরীক্ষা করে জানা যায়, তিনজনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। নিহত জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানের পরিচয়পত্রও উদ্ধার হয়। তাতে পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের যোগ আরও একবার সামনে আসে। আর এবার ওই অপারেশনে নিহত জঙ্গি হাবিব তাহিরের শেষকৃত্যে এসে লস্কর-ই-তোইবা কমান্ডার রিজওয়ান হানিফকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল। ২৮ জুলাই তাহিরের মৃত্যু হয়। জানা গিয়েছে, দু’দিন পর ৩০ জুলাই পাক-অধিকৃত কাশ্মীরের কুইয়ান গ্রামে ওই জঙ্গির শেষকৃত্য ও প্রার্থনার আয়োজন করেছিল তার পরিবারের সদস্যরা। সেখানে অস্ত্রধারী সঙ্গীদের নিয়ে হাজির হয় ওই লস্কর কমান্ডার। কিন্তু হানিফকে ঢুকতেই বাধা দেওয়া হয়। তাতেই ক্ষেপে ওঠে লস্করের লোকজন। হানিফের এক ভাইপো বন্দুক উঁচিয়ে তাহিরের বাড়ির সদস্যদের হুমকি দেয় বলে জানা গিয়েছে। তাতে গ্রামবাসীদের ক্ষোভ আরও বাড়ে। শেষ পর্যন্ত হানিফ ও তার সঙ্গীরা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে।



