Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

জমির মালিককে রড দিয়ে মারধর, কাঠগড়ায় প্রোমোটার, গ্রেপ্তার দুই

জমিতে বহুতল তৈরিকে কেন্দ্র করে জমির মালিক ও প্রোমোটারদের বিবাদ গড়াল মারধরে। মালিকের কাছে ১৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ।

জমির মালিককে রড দিয়ে মারধর, কাঠগড়ায় প্রোমোটার, গ্রেপ্তার দুই
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জমিতে বহুতল তৈরিকে কেন্দ্র করে জমির মালিক ও প্রোমোটারদের বিবাদ গড়াল মারধরে। মালিকের কাছে ১৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। সেই টাকা না দেওয়ায় জমির মালিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রোমোটর ও তাঁর দলবলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জমির মালিক। দু’পক্ষই হাওড়া থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জিটি রোডের ফজির বাজার এলাকার বাসিন্দা মহম্মদ রফির প্রায় আড়াই কাঠা জমি ডেভেলপমেন্টের জন্য প্রোমোটারদের দেন। কয়েকজন প্রোমোটার যৌথভাবে জমিতে চারতলা ভবন তৈরি করেন। চুক্তি অনুযায়ী, বহুতলের ৬০ শতাংশ অংশ পাওয়ার কথা ছিল প্রোমোটারদের। বাকি ৪০ শতাংশ পাওয়ার কথা জমির মালিকের। সেই মতোই কাজ এগচ্ছিল। জমির মালিকের ছেলে রেহান খানের অভিযোগ, তাঁদের জন্য যে ফ্ল্যাট দেওয়া হয়েছে, তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এর মধ্যেই তাঁদের কাছে ১৬ লক্ষ টাকা দাবি করা হচ্ছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় হুমকি দেওয়া হয়। পরে ফ্ল্যাটে এসে লোহার রড নিয়ে তাঁর বাবা ও পরিবারের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হন মহম্মদ রফি। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
রেহানের অভিযোগের ভিত্তিতে প্রোমোটার সাহাজাদা খান সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও সাহাজাদার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর ছেলের দাবি, চুক্তিতে নির্ধারিত ৪০ শতাংশের বেশি জায়গা জমির মালিককে দেওয়া হয়েছে। সেই অতিরিক্ত অংশের জন্যই টাকা দাবি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্ত চলছে। ইতিমধ্যেই প্রোমোটারের ছেলে সোহেল খান এবং তাঁর পরিচিত আরবাজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ