Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চড়কাণ্ডের ভিডিও লিক, ললিত মোদিকে তোপ ভাজ্জির

আইপিএল চড়কাণ্ড ফের চর্চায়। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ২০০৮ সালের ঘটনার ভিডিও প্রকাশ করেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।

চড়কাণ্ডের ভিডিও লিক, ললিত মোদিকে তোপ ভাজ্জির
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএল চড়কাণ্ড ফের চর্চায়। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ২০০৮ সালের ঘটনার ভিডিও প্রকাশ করেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। ভিডিও ফুটেজে দেখা যায়, পাঞ্জাব কিংসের পেসার এস শ্রীসন্থকে চড় মারছেন মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিং। ১৭ বছর আগের ঘটনা ঘিরে ফের উত্তাল ক্রিকেট মহল। সমাজমাধ্যমে ললিত মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীসন্থের স্ত্রী। তাঁর অভিযোগ ছিল, সস্তার প্রচার পেতেই এটা করেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। তিনি আরও বলেন, ‘ললিত মোদি এটা মাথায় রাখেননি, শ্রীসন্থ ও হরভজন সিং অনেকটা পথ পেরিয়ে এসেছে। এই ভিডিও দুই ক্রিকেটারের সন্তানদের বিব্রত করার পক্ষে যথেষ্ট।’

Advertisement

এবার আসরে নামলেন খোদ হরভজন সিংও, যিনি ঘটনার অন্যতম চরিত্র। ললিত মোদিকে একহাত নেওয়ার পাশাপাশি শ্রীসন্থকে চড় মারার জন্য অনুতাপ প্রকাশও করেছেন ভাজ্জি। তিনি বলেছেন, ‘বুঝতে অসুবিধা হয় না যে, বিশেষ অভিসন্ধি নিয়েই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। খুবই স্বার্থপর চিন্তাভাবনা। ১৭ বছর আগে ঘটে যাওয়া বিষয়কে এভাবে ফের টেনে আনার কোনও কারণ ছিল না। সবাই ব্যাপারটা ভুলেই গিয়েছিলেন। ধিক্কার জানাই ললিত মোদিকে। সেদিন যা ঘটেছিল তার জন্য আমি অনুতপ্ত। আমরা খেলোয়াড়। মাঠে উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়। ভুল হয়। তার জন্য আজও আপশোস করি। মনে হয়, সেটা না হলেই ভালো হতো। মানুষ মাত্রেই ভুল হয়। ভগবান গণেশের কাছে প্রার্থনা, আমায় ক্ষমা করুন।’
সেই ঘটনার অন্যতম সাক্ষী ফারুখ ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন ম্যাচ রেফারি। এতদিন পর ভিডিও লিক করা নিয়ে  ললিত মোদিকে একহাত নিতে ছাড়েননি প্রাক্তন উইকেটরক্ষকও। তিনি জানিয়েছেন, ‘চড়কাণ্ড নিয়ে পরবর্তী সময়ে কারও সঙ্গে আলোচনা তো দূরে থাক, কোনও মন্তব্যও করিনি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে হয়েছে। কিন্তু বুঝে উঠতে পারলাম না, এত বছর পর ওই ঘটনার ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য কী? উত্তেজনার বশে অনেক কিছু ঘটতেই পারে। সেটাকে কোনওভাবেই ইস্যু করা ঠিক নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ