Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিংয়ের শাল বিক্রেতার বিস্তারিত খোঁজ নিচ্ছে বারুইপুর পুলিস জেলা

ক্যানিংয়ের শাল বিক্রেতার বিস্তারিত খোঁজ নিচ্ছে বারুইপুর পুলিস জেলা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে আত্মীয়ের ভাড়া বাড়িতে এসে গ্রেপ্তার হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সী। এবারে সেই আত্মীয়কেই আতস কাচের তলায় রেখে তাঁর ব্যাপারেই খোঁজখবর নিতে শুরু করল বারুইপুর পুলিস জেলা। পেশায় শাল বিক্রেতা গুলাম মহম্মদ দীর্ঘদিন ধরেই ক্যানিংয়ে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিক্রি করেন। এতদিন তাঁকে নিয়ে কোনও সংশয় ছিল না সাধারণ বাসিন্দাদের মধ্যে। কিন্তু ওই কাশ্মীরি বাসিন্দার ভাড়া বাড়িতে জঙ্গি আশ্রয় নিয়েছিল, সে খবর চাউর হতেই সন্দেহ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ পুলিসও। সে কারণেই এই শাল বিক্রেতার ঠিকুজি কুষ্ঠী জানতে নেমে পড়েছে তদন্তকারীরাও। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলামের দাদা ক্যানিং শহরের দীর্ঘ ৩২ বছর শাল ও অন্যান্য শীতবস্ত্র বিক্রি করেছেন। কখনও তাঁকে নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি। তিনি মারা গিয়েছেন বলে খবর। কিন্তু আজ তাঁর ভাই গুলামের নাম জড়িয়ে গিয়েছে জঙ্গির সঙ্গে। সেক্ষেত্রে তাঁকে কতটা বিশ্বাস বা ভরসা করা যায় সেটাই এখন বড় প্রশ্নের। বিভিন্ন সূত্র মারফত পুলিস ওই কাশ্মীরি বাসিন্দার ব্যাপারে খবর নিতে শুরু করেছে।
এদিকে আগামী দিনে ক্যানিংয়ে বহিরাগতদের বাড়ি বা দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে এলাকার মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিস প্রশাসন। ভালো করে খোঁজ খবর না করে কাউকে নিজের বাড়িতে থাকতে দেওয়া উচিত নয় বলে দাবি তাদের। বিধায়ক পরেশরাম দাসও সহমত পোষণ করে জানিয়েছেন, পরিচয়পত্র যাচাই না করে কাউকে থাকতে দেওয়া উচিত নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 
সম্পর্কিত সংবাদ