নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লক এলাকার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের হেড়ভাঙা গ্রামে ২০২১ সালে আবাস যোজনায় স্থানীয় বাসিন্দা সিরাজুল মণ্ডল, মামুদ আলি মোল্লা, সেলিম মোল্লা ,আক্রম মোল্লার, শামসুল মোল্লার নাম উঠেছিল। অভিযোগ নাম উঠলেও তাঁরা টাকা পাননি। তাঁদের নামে আসা টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এরপরই তাঁরা স্থানীয় পঞ্চায়েত প্রধান সুতপা নস্করের কাছে সমস্যা সমাধানের জন্য দরবার করেন সিরাজুল, মামুদরা। সমস্যার কথা জানানো হয় ক্যানিং এক নম্বরের বিডিওকেও। কিন্তু, প্রশাসনের তরফে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। এরপর বাধ্য হয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি রবি কিষান কাপুর। বৃহস্পতিবার রাজ্যের তরফে রিপোর্ট পেশ করে জানান হয় ‘ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে।’ বিষয়টি শুনেই উষ্মা প্রকাশ করে বিচারপতি কাপুর বলেন, এটা ভুল নয় ইচ্ছাকৃত জালিয়াতি। অবিলম্বে তিনি জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি চালুর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিও ও ইটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব করেছেন।



