আনকারা (তুরস্ক): জয় দিয়ে ফ্রান্স কোচ হিসাবে অভিযান শুরু করলেন জিনেদিন জিদান। শুক্রবার নেশনস লিগের অ্যাওয়ে ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারাল ফরাসি ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি কিলিয়ান এমবাপের। তবে জয়ের দিনেও ফরাসি তারকার চোট চিন্তা বাড়াল কোচ জিজুর। নেশনস লিগের পরবর্তী তিনটি ম্যাচে তাঁকে পাবে না ফ্রান্স। এই নিয়ে ম্যাচ শেষে কোচ জিদান জানান, ‘প্রাথমিকভাবে চোট বেশ গুরুতর বলেই মনে হয়। তাই কোনো ঝুঁকি নিতে চাইনি।’ সূত্রের খবর, ইতিমধ্যেই জাতীয় শিবির থেকে রিলিজ নিয়ে মাদ্রিদে ফিরে গিয়েছেন এমবাপে। সেখানে চোটের জায়গায় ফের পরীক্ষা হবে। তারপরই জানা যাবে, ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ফরাসি তারকাকে।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই ফ্রান্সের উপর চাপ বজায় রেখেছিল তুরস্ক। বেশ কয়েকবার গোল করার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল তারা। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আর্দা গুলের-বারিস ইমেজরা। পালটা ৫৪ মিনিটে রক্ষণের ব্যর্থতায় গোল হজম করে তুরস্ক। ৫৪ মিনিটে প্রতিপক্ষের মিস ক্লিয়ারেন্স থেকে বল ধরে তা গোলের জন্য এমবাপেকে সাজিয়ে দেন মাইকেল ওলিসে। বক্সের মাথা থেকে ডানপায়ের শটে জাল কাঁপাতে ভুল করেননি ফরাসি তারকা (১-০)। তবে এরপরই সেলিব্রেশনের সময় বাঁ হাঁটু ধরে বসে পড়েন এমবাপে। প্রাথমিক চিকিৎসার পর মাঠে ফিরলেও, পরের মিনিটেই ফের ব্যথা অনুভব করায় তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ জিদান।
এদিকে, ইতালির খারাপ সময় যেন কিছুতেই কাটছে না। টানা তিনটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যর্থতার লজ্জার রেকর্ড আগেই গড়েছিলেন আজ্জুরিরা। এবার নেশনস লিগেও হার দিয়ে অভিযান শুরু করল রবার্তো মানচিনির ছেলেরা। শুক্রবার ঘরের মাঠ স্তাদিও ওলিম্পিকোয় বেলিজয়ামের কাছে ০-২ গোলে বশ মানল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘দ্য রেড ডেভিলস’ ব্রিগেডের হয়ে জাল কাঁপান যথাক্রমে মিকা ও দোতি লুকবাকিয়ো। অপর ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে গোলশূন্য ড্র করল পোল্যান্ড। হাঙ্গেরিকে ১-০ গোলে হারাল ইউক্রেন।